পেটের ভেতর ইয়াবা
স্কচটেপ দিয়ে পেঁচিয়ে কলার মধ্যে ঢোকানো হয় ইয়াবা বড়ি। পরে ওই কলা খেয়ে ঢাকা যাচ্ছিলেন। সন্দেহজনকভাবে তাঁদের আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এরপর তাঁদের পেট থেকে ইয়াবা বড়ি উদ্ধার করে বিজিবি। আটক দুজন হলেন ঢাকার ডেমরার মো. বিল্লাল হোসেন (৪৩) ও টেকনাফের হ্নীলার নয়াবাজারের সালমা আক্তার (১৪)।
বিজিবি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ২ বিজিবির হাবিরছড়া তল্লাশিচৌকিতে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসের দুজন নারী-পুরুষকে সন্দেহভাজন হিসেবে আটক করে ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে আসেন বিজিবির সদস্যরা। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে সালমা জানান, তাঁর পেটের ভেতরে ১ হাজার ইয়াবা বড়ি রয়েছে। মো. বিল্লালও জিজ্ঞাসাবাদে একই কায়দায় তাঁর পেটে ১ হাজার ৫০০ ইয়াবা বড়ি থাকার কথা স্বীকার করেন।
এরপর চিকিৎসকের সহায়তায় আটক কিশোরীর পেট থেকে ২৯টি ইয়াবার পোঁটলা ও বিল্লালের পেট থেকে ১১টি পোঁটলা বের করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইয়াবা বের করার কাজটি চলছিল।
মো. বিল্লাল হোসেন বলেন, তিনি একজন খুচরা ইয়াবা ব্যবসায়ী। টেকনাফ থেকে এর আগে দুবার পেটের ভেতরে করে ইয়াবা বড়ি নিয়ে ঢাকায় বিক্রি করেছেন। তিনি এর আগে ট্রাক চালাতেন। অনেকবার গাড়ি নিয়ে টেকনাফে আসার সুবাদে চালকের পেশাটি ছেড়ে দিয়ে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন।ু
জানতে চাইলে ২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, প্রথমে ইয়াবাগুলো স্কচটেপ দিয়ে মুড়িয়ে প্যাকেট করা হয়। পরে ঢোকানো হয় কলার মধ্যে। এরপর ওই কলা গিলে খান পাচারকারী। এভাবেই ইয়াবা টেকনাফ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এর আগে মরিচ, সুপারি, পানের ঝুড়ি, বেঞ্চ, বই, জুতা, নারিকেল, ব্যাগের হাতল, ল্যাপটপ, তরিতরকারীর প্যাকেট, টিফিন বক্স, গ্যাসের সিলিন্ডারের মাধ্যমে ইয়াবা পাচার ধরেছে বিজিবি। তিনি জানান, রাতের মধ্যে তাঁদের দুজনকে থানা-পুলিশে সোপর্দ করে মাদকনিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।