পেটের ভেতর ইয়াবা নিয়ে পাচার করতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেটের ভেতর ইয়াবা বড়ি ঢুকিয়ে পাচার করতে গিয়ে মোহাম্মদ দিলদার (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

দিলদার কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী ফরিদ আলমের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়কিসলু প্রথম আলোকে বলেন, একদল পুলিশ দিলদারকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। পরিচয় শনাক্ত করার পর তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল পুলিশ। পথেই সে মারা যায়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
আজ রোববার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত করার সময় ওই কিশোরের পেটের ভেতর থেকে ইয়াবা বড়ি পাওয়া যায়। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সুলতান আহমদ সিরাজী বলেন, উখিয়ার থানা-পুলিশের আনা এক কিশোরের ময়নাতদন্ত করার সময় তার পেটের ভেতর থেকে কনডম ও পলিথিন মোড়ানো পাঁচটি মিনি প্যাকেট পাওয়া যায়। সেগুলো ছিল ইয়াবা বড়ি। তবে কনডম বিস্ফোরণে ইয়াবাগুলো জমাট হয়ে যাওয়ায় এর সঠিক সংখ্যা বলা সম্ভব নয়। সুলতান আহমদ সিরাজী বলেন, ইয়াবার বিষক্রিয়ায় এই কিশোরের মৃত্যু হয়েছে।
দিলদারের বাবা ফরিদ আলম অভিযোগ করেন, দুজন ইয়াবা ব্যবসায়ী ওই বড়িগুলোর মালিক। দিলদারকে নিয়ে ওই দুজন টেকনাফ থেকে কক্সবাজার যাচ্ছিল। পথে দিলদারের পেটে ব্যথা শুরু হলে ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাশে ফেলে দিয়ে ওই দুজন পালিয়ে যায়। ছেলের লাশ দাফন করার পর এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তিনি হত্যা মামলা করবেন বলে জানান।