পেটের ভেতর সোনার বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেটের ভেতর সোনার বার ঢুকিয়ে বিদেশ থেকে দেশে পাচারের চেষ্টা করেছিলেন কাজী রফিকুল ইসলাম (৩৮) নামের এক যাত্রী। ধরা পড়ার পর কয়েক ঘণ্টার চেষ্টায় গতকাল শুক্রবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পেট থেকে সোনার ছয়টি বার বের করা হয়।
ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা বলেছেন, বারগুলোতে ৭০০ গ্রাম সোনা রয়েছে। এর দাম প্রায় ৩৪ লাখ টাকা।
ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান বলেন, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুবাই থেকে ঢাকায় আসেন রফিকুল। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে তাঁর ব্যাগ তল্লাশি করা হলেও সোনা পাওয়া যায়নি। তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় গতকাল সকাল পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করেন শুল্ক কর্মকর্তারা। কিন্তু সোনা থাকার কথা স্বীকার করছিলেন না রফিকুল। পরে সকালে তাঁকে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে এক্স-রে করলে পেটের ভেতর দুটি সোনার বারের অস্তিত্ব দেখা যায়। পরে তাঁর পেট থেকে ছয়টি সোনার বার বের করা হয়।
সোহেল রহমান বলেন, বারগুলোর আকৃতির কারণে সেগুলো গলা দিয়ে ঢোকানো না যাওয়ায় রফিকুলের পায়ুপথ দিয়ে ঢোকানো হয়েছিল। দুটি প্যাকেটের প্রতিটিতে তিনটি করে বার ছিল। রফিকুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।