পেটের ভেতর সোনার বার
পেটের ভেতরে সোনার বার লুকিয়ে এনেও ধরা পড়লেন বাংলাদেশ বিমানের এক যাত্রী। গতকাল শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি সোনার বার ও একটি সোনার চেইনসহ মজিদ সরকার (৩৫) নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করেছেন শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন মজিদ। আচরণে সন্দেহ হলে তাঁর দেহ তল্লাশি করা হয়। এতে তাঁর কোমরের বেল্ট থেকে একটি সোনার বার উদ্ধার করা হয়।
এ ছাড়া উদ্ধার করা হয় একটি সোনার চেইনও। আরও জিজ্ঞাসাবাদের পর তিনি পেটের ভেতর রাখা ১১টি সোনার বারের কথা জানান। ওই ১১টি বার পায়ুপথে পেটের ভেতরে গোপন করে রাখা হয়েছিল।
পরে এই বারগুলো বের করা হয়। মজিদের বাড়ি কুমিল্লায়। জব্দ করা সোনার পরিমাণ প্রায় দেড় কেজি। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা। মজিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।