পেটের ভেতরে ইয়াবা বড়ি!
পলিথিনে মোড়ানো তিনটি ছোট প্যাকেট। প্রতিটিতে ৫০০ করে ইয়াবা বড়ি। পুলিশকে ফাঁকি দিতে তিনটি প্যাকেটই বিশেষ কৌশল করে পেটের ভেতরে ঢুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি। তাঁর নাম আলী আহমেদ। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়ে যান তিনি।
গত শনিবার রাত ১২টার দিকে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আলী আহমেদকে গ্রেপ্তার করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা প্রথম আলোকে বলেন, আলী আহমেদকে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন তাঁর পেটে দেড় হাজার ইয়াবা বড়ি রয়েছে। পরে বিশেষ ব্যবস্থায় তাঁর পেট থেকে একে একে তিনটি পলিথিন মোড়ানো প্যাকেট বের করা হয়। এ ঘটনায় আলী আহমেদকে আসামি করে নগরের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।