পেটের ভেতরে করে ইয়াবা পাচার
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে পেটের ভেতরে করে ইয়াবা পাচার করছিলেন এক তরুণী। পরে মল ত্যাগের মাধ্যমে তাঁর পেট থেকে বেরিয়ে আসে অনেকগুলো ইয়াবা বড়ি। তবে পুলিশের দাবি, এ সংখ্যা ৬০০। এই তরুণীর নাম সেতারা বেগম। বাড়ি টেকনাফে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, কক্সবাজারের টেকনাফ থেকে আসা এক তরুণী পেটের ভেতর করে ইয়াবা পাচার করে ঢাকায় নিয়ে যাচ্ছেন—পুলিশের কাছে এমন গোপন খবর ছিল। গতকাল সোমবার সন্ধ্যায় নগরের কোতোয়ালি সিনেমা প্যালেস এলাকায় একটি বাস কাউন্টারের সামনে থেকে সেতারা বেগমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, স্কচটেপ মুড়িয়ে জুসের মাধ্যমে ইয়াবা বড়ি পেটে ঢোকান। পরে মল ত্যাগের মাধ্যমে পেট থেকে তা বের করে নেন।
পুলিশ দাবি করেন, এক্স-রে করে তাঁর পেটের ভেতর পোটলা দেখা যায়। পরে পেট থেকে ইয়াবাগুলো বের করে দেন ওই তরুণী। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে নগর গোয়েন্দা পুলিশ।