পেট্রল ঢেলে আগুন, বৃদ্ধা দগ্ধ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় এক বৃদ্ধা দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দগ্ধ নারীকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার উজানচর ইউনিয়নের হাজি গফুর মণ্ডল পাড়ায় এ ঘটনা ঘটে। আহত নারীর নাম আনোয়ারা বেগম (৭০)।
পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা তাদের এক মেয়েকে মারতে এসেছিল। তারা ঘরে আগুন দেয়। কিন্তু ঘরে মেয়র দাদি আনোয়ারা বেগম ও মেয়ের চার বছরের শিশু ঘুমিয়েছিল। আগুনে কেবল আনোয়ারা বেগম দগ্ধ হন।
পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি তাদের এক মেয়ের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। স্বামীর নাম জাহাঙ্গীর। বিচ্ছেদের পর মেয়ে এক সন্তান নিয়ে বাবার বাড়ি চলে আসেন। গতকাল রাত দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে পেট্রল ছিটিয়ে বিছানায় আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বিছানায় ছড়িয়ে পড়ে।
আজ রোববার সকালে হাসপাতালে আনোয়ারা বেগম বলেন, মধ্যরাতে হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙে। এ সময় চিৎকার দিয়ে উঠলে পাশের কক্ষে থাকা পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করেন। শিশুটির কোনো ক্ষতি হয়নি।
আনোয়ারা বেগমের ছেলে বিল্লাল ব্যাপারী অভিযোগ করেন, ‘আমাদের মেয়েকে ছাড়িয়ে আনার পর জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রতিশোধ নিতে জাহাঙ্গীর ও তাঁর লোকজন রাতে মেয়েকে পুড়িয়ে মারার পরিকল্পনা করেন।’
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, এ ঘটনার পর থেকে জাহাঙ্গীর পলাতক রয়েছেন। ইতিমধ্যে তাঁকে ধরতে পুলিশ মাঠে নেমেছে। তাঁকে গ্রেপ্তার করতে পারলে প্রকৃত রহস্য বের হয়ে আসবে। এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুর রহমান খান জানান, অগ্নিদগ্ধ বৃদ্ধা বর্তমানে অনেকটা শঙ্কামুক্ত। তাঁর শরীরের ৫ থেকে ৬ শতাংশ দগ্ধ হয়েছে।