পেট্রল ঢেলে কলেজছাত্রীকে হত্যার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে আজ রোববার দুপুরে শাহনাজ খাতুন (২২) নামের এক কলেজছাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনার পর ওই ছাত্রীর সাবেক স্বামী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। বর্তমানে ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, শাহনাজ মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাঁর গ্রামের বাড়ি উপজেলার দিঘীর পাড় এলাকায়। দুই বছর আগে একই গ্রামের সাদেকুল আলমের সঙ্গে তাঁর বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে এক বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। পরে সাদেকুল অন্য জায়গায় বিয়ে করেন। এরপরও তিনি শাহনাজকে বিভিন্নভাবে বিয়ের প্রস্তাব দিতে থাকেন। কিন্তু শাহনাজ প্রস্তাবে রাজি হননি। আজ শাহনাজ কলেজ শেষে প্রাইভেট পড়ার উদ্দেশে রওনা হলে উপজেলার বাইপাস রোডের তিন মাথা এলাকায় সাদেকুল তাঁর পথরোধ করেন এবং তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুনে শাহনাজের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ সময় তিনি বাঁচার জন্য আত্রাই নদীতে লাফিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শাহনাজের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনার পর সাদেকুল পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুদ্দোজা বলেন, এ ঘটনায় শাহনাজের পরিবার বাদী হয়ে সাদেকুলের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল তাঁকে আদালতে হাজির করা হবে।