পেট্রল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে দিলেন স্বামী!

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছটফট করছিলেন জেসমিন আরা (২০)। তাঁর গলা ও বুকের বেশ খানিকটা জুড়ে সদ্য পোড়া দগদগে ক্ষত। ভয়ংকর যন্ত্রণাকাতর গলায় তিনি বারবার বলছিলেন, ‘আমারে একটু ঠান্ডা করে দেও। আমি বাঁচতে চাই।’
জেসমিন কেশবপুরের কুশলদিয়া গ্রামের রবিউল মোড়লের স্ত্রী। চাহিদামতো বাবার বাড়ি থেকে টাকা এনে না দেওয়ায় গতকাল শুক্রবার সকালে স্বামী পেট্রল ঢেলে তাঁর শরীরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেছেন জেসমিন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রণাকাতর অবস্থায় জেসমিন বলেন, প্রায় আট বছর আগে রবিউলের সঙ্গে তাঁর বিয়ে হয়। লামিয়া নামে ছয় বছরের একটি মেয়ে আছে তাঁদের। মেয়ে হওয়ার পর থেকে স্বামী রবিউল তাঁকে নির্যাতন শুরু করেন। সেই সঙ্গে দফায় দফায় বাবার বাড়ি থেকে টাকা আনতে বলতেন। টাকা না আনলে নির্যাতন করতেন। পাঁচ বছর আগে তাঁকে মেরে বাবার বাড়িতে পাঠিয়ে দেন তাঁর স্বামী। দেড় মাস আগে বাবার বাড়ি থেকে টাকা এনে স্বামীকে একটি মোটরসাইকেল কিনে দেন। রবিউল এখন সেই মোটরসাইকেলটি ভাড়ায় চালান। এর মধ্যে তিনি আরেকটি বিয়ে করেছেন।
জেসমিন অভিযোগ করেন, গতকাল ভোরে তাঁকে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলেন রবিউল। এতে তিনি রাজি না হওয়ায় একটি বেতের লাঠি দিয়ে তাঁকে পেটান তাঁর স্বামী। একপর্যায়ে মোটরসাইকেল থেকে পেট্রল বের করে তাঁর বুকে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। তিনি চিৎকার দিয়ে ঘরের বাইরে এলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভান। এরপর এক প্রতিবেশী তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এস এম আনোয়ার হোসেন বলেন, জেসমিনের গলা ও বুকের বেশ খানিকটা পুড়ে গেছে। আশঙ্কাজনক হওয়ায় তাঁকে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
কেশবপুর থানার উপপরিদর্শক খান অবদুর রহমান বলেন, রবিউলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। সেখান থেকে একটি পেট্রলের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।