পেট্রল-পাথরসহ যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ!
কিশোরগঞ্জের বাজিতপুরে নাশকতার চালানোর উপকরণ (পাথর ও বোতলে পেট্রল) বহন করার অভিযোগে যুবদলের দুই নেতাকে ধরে পুলিশে দিয়েছে জনতা। আজ শুক্রবার রাত সোয়া নয়টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের গজারিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
তারা হলেন, উপজেলার দিলালপুর গ্রামের মনির মিয়া (৩০) ও জসিম মিয়া (২৮)। পুলিশের কাছে তাঁরা নিজেদের উপজেলা যুবদলের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন।
পুলিশ জানায়, নাশকতা প্রতিরোধে স্থানীয় তরুণ ও সমাজ সচেতনদের দিয়ে পাড়া মহল্লায় কমিটি গঠন করে দেয় পুলিশ। কয়েকদিন ধরে কমিটির সদস্যরা সড়কে ও গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি করে আসছিল। রাত নয়টার দিকে পিরিজপুর ইউনিয়নের গজারিয়া এলাকা দিয়ে একটি মোটর সাইকেলে তিনজন আরোহী যাচ্ছিলেন। এতে প্রতিরোধ কমিটির সদস্যদের সন্দেহ হলে তাদের গতিরোধ করা হয়। এ সময় তাঁরা বাইক রেখে পালানোর চেষ্টা করে। ওই তিন যুবককে ধরে ফেলে নাশকতা প্রতিরোধ কমিটির সদস্যরা। পরে কমিটির সদস্যরা তাদের ব্যাগ ভর্তি পাথর ও কোমল পানীয় বোতলে পেট্রল দেখতে পান। পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে যান।
নাশকতা প্রতিরোধ কমিটির সদস্য মামুন মিয়া, সালাম মিয়া ও সুজন মিয়া জানান, গতিরোধ করার পর তাঁরা বাইক রেখে পালানোর চেষ্টা করে। ধরার পর ব্যাগে পাথর ও পেট্রল রাখার বিশ্বাসযোগ্য কারণ বলতে পারছিলেন না।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নাশকতা চালানোর উদ্দেশ্যে পাথর ও পেট্রল বহন করার কথা স্বীকার করেছেন।
নাশকতা চালানোর উদ্দেশ্যে পেট্রল ও পাথর বহন করছিলেন না বলে আটককৃতরা থানায় উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন। কারণ হিসেবে তাঁরা বলেন, অন্য একটি বাইকের জন্য পেট্রল বহন করছিলেন। তবে পাথর বহনের কারণ বলতে পারছিলেন না।
আকটকৃতরা পুলিশের কাছে নিজেদের যুবদলের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। এ ব্যাপারে জানতে বাজিতপুর উপজেলা যুবদলের সভাপতি কায়সার আহমেদ রিপনের সঙ্গে ফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেন নি।