পেট্রলবোমা রাখার অভিযোগে পিটুনি পুলিশে সোপর্দ
পেট্রলবোমা বহন করার অভিযোগে ছাত্রদলের দুই নেতা-কর্মীকে পিটিয়ে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। গতকাল বুধবার বিকেেল বুয়েটের শহীদ মিনারের সামনের রাস্তার মোড়ে তাঁদের দুজনকে বেঁধে পেটানো হয়।
আটক দুজন হলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রদলের কর্মী গোলাম কিবরিয়া।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর পলাশী মোড় থেকে ছাত্রদলের ১০-১২ জন নেতা-কর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বুয়েটের ভেতর দিয়ে যাওয়ার পথে মোটরসাইকেলে করে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ধর ধর বলে ধাওয়া দেন। পরে তাঁদের সঙ্গে ছাত্রলীগের অন্য নেতা-কর্মী, সাধারণ ছাত্র ও স্থানীয় জনতা মিলে তাঁদের ধাওয়া দেন। এ সময় অন্যরা বকশীবাজার মোড়ের দিকে পালিয়ে গেলেও দুজনকে ধরে ফেলেন তাঁরা। পরে দুজনকে রাস্তার মোড়ে বেঁধে সবার সামনে বেধড়ক পেটানো হয়।
এরপর চকবাজার থানার পুলিশ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।