পেট্রলবোমা হামলার আসামি চেয়ারম্যানপ্রার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে (৪২) আজ শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির তিন মাসের অবরোধ কর্মসূচির সময় মিঠাপুকুরে ফতেপুর বাতাসন এলাকায় চলন্ত বাসে পেট্রল বোমা হামলার ঘটনায় হওয়া মামলার আসামি। 

পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে গোপালপুর ইউনিয়নের সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তিনি ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই ইউনিয়নে নির্বাচন করছিলেন। উল্লেখ্য, ওই ইউনিয়নে বিএনপির মনোনীত কোনো প্রার্থী নেই।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ফতেপুর বাতাসন এলাকায় কুড়িগ্রামের উলিপুর থেকে ঢাকাগামী চলন্ত বাসে গত বছর ১৩ জানুয়ারি মধ্যরাতে পেট্রল বোমা হামলায় পাঁচজন নিহত হন। ওই মামলার আসামি হারুন অর রশিদ। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।