পেট্রলবোমাসহ শিবিরের তিন কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়ায় একটি মেস থেকে পাঁচটি পেট্রলবোমা, পাঁচটি ককটেলসহ ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ঘটানোর উদ্দেশ্যে তাঁরা মেসে বোমা জড়ো করেছিলেন বলে পুলিশ দাবি করেছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, সোমবার গভীর রাতে বাকলিয়ার ল্যান্ডমার্ক আবাসিক এলাকার মান্নান টাওয়ারের সপ্তম তলায় একটি মেসে অভিযান চালিয়ে শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সরোয়ার কামাল, শহীদুল ইসলাম ও মফিজুর রহমান। সরোয়ার কামালের বাড়ি কক্সবাজারের রামুতে। তিনি চট্টগ্রামের বেসরকারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরআন ও বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। শহীদুল ইসলাম হোমিওপ্যাথিক কলেজের ছাত্র। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ায়। মফিজুর রহমান দারুল উলুম আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় আছেন। তাঁর বাড়ি সাতকানিয়ায়।
ওসি জানান, গ্রেপ্তারের সময় শিবিরের তিন কর্মীর কাছে পাঁচটি পেট্রলবোমা ও পাঁচটি ককটেল পাওয়া গেছে। ওসি মহসিন আরও বলেন, গ্রেপ্তার হওয়া শিবিরের তিন কর্মীর বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা হয়েছে। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ নাঈমুল হাছান জানিয়েছেন, সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়া থেকে বিএনপি-জামায়াত-শিবিরের আরও ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।