পেট্রলবোমায় দগ্ধ তামিমের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ শিশু তামিম আজাদ (৭) ঘটনার ছয় দিন পর গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। তামিম নাঙ্গলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাতক্ষীরা জেলা কলেজশিক্ষক সমিতির পক্ষ থেকে গতকাল বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সাতক্ষীরার কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, কলারোয়ার নাঙ্গলঝাড়া গ্রামের কলেজশিক্ষক খলিলুর রহমানের বাড়িতে গত ৯ অক্টোবর গভীর রাতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয় তাঁর স্ত্রী ঝর্ণা খাতুন, ছেলে তানভীর হোসেন (১৩) ও তামিম আজাদ (৭)। ওই দিন সকালে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এ ঘটনায় খলিলুর রহমানের বড় ভাই মতিয়ার রহমান ৯ অক্টোবর তাঁদের মেজো ভাই তবিবুর রহমান, তাঁর স্ত্রী মঞ্জুয়ারা খাতুন ও ছেলে সোহাগ হোসেনসহ পাঁচজনকে আসামি করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তবিবুরকে ওই দিনই গ্রেপ্তার করে। তাঁর স্ত্রী ও সন্তান পলাতক আছেন।