
রাস্তায় দাঁড়িয়ে এবং যানবাহনের হর্ন ও বাঁশি বাজিয়ে হরতাল-অবরোধ এবং মানুষ হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে শ্রমিক-কর্মচারী, পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।
এ ছাড়া আরও কয়েকটি সংগঠন মানুষ হত্যার প্রতিবাদে ঢাকায় পৃথক কর্মসূচি পালন করেছে।

গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে একটা থেকে একটা পর্যন্ত ঢাকাসহ সারা দেশে সমন্বয় পরিষদ কর্মসূচি পালন করে। পেট্রলবোমা মেরে মানুষ হত্যা, যানবাহনে আগুন-ভাঙচুর, শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য ও ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন ধ্বংসের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে তারা এ কর্মসূচি পালন করেছে। সচিবালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক নৌমন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতীয় প্রেসক্লাব, মতিঝিল, কারওয়ান বাজার, আফতাবনগর, ফার্মগেট, মধ্য বাড্ডা, রেল ভবনের সামনে এবং রাজউক অ্যাভিনিউয়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন: দুপুর ১২টার দিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের কাছে বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা সাদা পতাকা নিয়ে মানববন্ধন করেন। পরে তাঁরা মৌন মিছিল নিয়ে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁদের আটকে দেয়। এ সময় তাঁদের একটি প্রতিনিধিদল কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি জমা দেয়।
এতে শিক্ষাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার এবং পরীক্ষার সময় হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি জানানো হয়।
ইসলামী আন্দোলনের মানববন্ধন: রাজনৈতিক সংকটের নিরসন এবং সহিংসতা বন্ধে অবিলম্বে সংলাপের উদ্যোগ নেওয়ার দাবিতে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন। গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দলের নেতা-কর্মীরা সাদা পতাকা হাতে রাস্তায় অবস্থান নেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সংকট নিরসনে সংলাপের জন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদ জানান।