পেট্রলবোমা-গ্যাসপাইপ বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
কুমিল্লায় বাসে পেট্রলবোমা ও রাজধানীর কলাবাগানে গ্যাসপাইপ বিস্ফোরণে দগ্ধ দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁরা মারা যান।
মারা যাওয়া দুজন হলেন রঞ্জিত শর্মা (৫৯) ও রোজিনা বেগম (৪০)।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, শবে বরাতের রাতে ঢাকা থেকে রাঙামাটি যাওয়ার পথে কুমিল্লার চান্দিনায় বাসে পেট্রলবোমায় রঞ্জিত দগ্ধ হন। এতে তাঁর শ্বাসনালিসহ শরীরের ৪৫ শতাংশ পুড়ে যায়। তাঁকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি আইসিইউতে মারা যান।
পার্থ শঙ্কর পালের তথ্যমতে, গত ৩০ মে রাজধানীর কলাবাগানের লেকসার্কাসে গ্যাসপাইপ বিস্ফোরণে রোজিনা দগ্ধ হন। এতে শ্বাসনালিসহ তাঁর শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়। রাত দেড়টার দিকে তিনি আইসিইউতে মারা যান। দুজনের লাশ বার্ন ইউনিটের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।