পেট্রলবোমা দিয়ে বড় ভাইকে ফাঁসাতে গিয়ে...
চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে পেট্রলবোমা দিয়ে বড় ভাইকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে ওসমান গণি (৩০) নামের এক ব্যক্তিকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার ওসমান গণি এবং তাঁর দুই সহযোগী নুরুল আমিন (৩২) ও শহীদুল ইসলামকে (২৯) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ওসমান গণি উপজেলার সদর ইউনিয়নের বড় বারদোনা এলাকার একটি বসতঘরে পেট্রলবোমা আছে বলে মুঠোফোনে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ওই এলাকার মো. ইসমাইলের বসতঘর ও এর আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি পেট্রলবোমা উদ্ধার করে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইখতিয়ার উদ্দিন বলেন, পেট্রলবোমা উদ্ধারের পর ওসমান গণির কথা ও গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। পরে বুধবার রাতে পুলিশ তাঁকেসহ তিনজনকে আটক করলে পেট্রলবোমা দিয়ে বড় ভাইকে ফাঁসানোর বিষয়টি বেরিয়ে আসে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, ‘পারিবারিক বিরোধের জের ধরে ওসমান গণি তাঁর বড় ভাইকে ফাঁসানোর জন্য পেট্রলবোমা সংগ্রহ করে ফাঁদ পাতেন। পরে ওই ফাঁদে তিনি নিজেই ধরা পড়েন।’