পেট্রলবোমা হামলা: ছাত্রদল সভাপতি-সা. সম্পাদকের বিরুদ্ধে অভিযোগপত্র
মাগুরায় পেট্রলবোমা হামলার ঘটনায় করা মামলায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (প্রথম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক অভিযোগপত্রটি দাখিল করেন।
অভিযোগপত্রে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হকসহ মোট ২৩ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছিল। কিন্তু গোয়েন্দা পুলিশের দেওয়া অভিযোগপত্রে ওই ২৬ জনের মধ্যে সাতজনের নাম বাদ দেওয়া হয়েছে। আর নতুন করে আরও চারজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আটক মো. জাকারিয়া শেখ সাদ্দাম (২৬), আবু তাহের সবুজ (২৫) ও রাসেল মণ্ডল (১৬) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাসেল কিশোর হওয়ায় তার বিরুদ্ধে আলাদা করে অভিযোগ পত্র দেওয়া হয়েছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, এ বছরের ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা শহরের মঘিরঢাল এলাকায় চলন্ত ট্রাকে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছোড়ে। এতে চালক ও ট্রাকের ভেতরে থাকা আট বালুশ্রমিক দগ্ধ হন। ওই হামলার পর ঢাকা নেওয়ার পথে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। এ ছাড়া ওই পেট্রলবোমা হামলায় দগ্ধ বাকি চার শ্রমিক এখনো চিকিৎসাধীন।
ঘটনার পর দিন মাগুরা সদর থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বাদী হয়ে ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়। এরপর গত ২৫ এপ্রিল মামলাটি তদন্তভার ডিবিকে দেওয়া হয়। প্রায় চার মাসের তদন্ত শেষে আজ অভিযোগপত্র দেওয়া হয়।