পেট্রলবোমা হামলার আসামি জামায়াত নেতা গ্রেপ্তার
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাসে পেট্রলবোমা হামলা মামলার অন্যতম আসামি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা আবদুল বাসেত মারজানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার ভোরে উপজেলার টিকলি দক্ষিণপাড়ার নিজ বাড়ি থেকে মারজানকে গ্রেপ্তার করা হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মারজান পলাতক ছিলেন। তিনি বাড়িতে এসেছেন বলে তথ্য পায় পুলিশ। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।
একই মামলায় গতকাল শনিবার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালামকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, সালামের বিরুদ্ধে মিঠাপুকুরে চলন্ত বাসে পেট্রলবোমা হামলাসহ বিভিন্ন নাশকতার ঘটনায় ছয়টি মামলা রয়েছে।
২০১৫ সালের ১৩ জানুয়ারি রাতে মিঠাপুকুরের বাতাসন ফতেপুর এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলা হয়। এতে অগ্নিদগ্ধ হয়ে ছয়জন মারা যান। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮০ জনের নামে মিঠাপুকুর থানায় মামলা করে।