পেট্রলবোমা হামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাসে পেট্রলবোমা হামলা মামলার অন্যতম আসামি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর এলাকায় নিজ বাড়ি থেকে আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আবদুস সালামের বিরুদ্ধে মিঠাপুকুরে চলন্ত বাসে পেট্রলবোমা হামলাসহ বিভিন্ন নাশকতার ঘটনায় থানায় ছয়টি মামলা রয়েছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
২০১৫ সালের ১৩ জানুয়ারি দিবাগত রাতে মিঠাপুকুরের বাতাসন ফতেপুর এলাকায় কুড়িগ্রামের উলিপুর থেকে ঢাকাগামী খলিল এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী চলন্ত বাসে পেট্রলবোমা ছুড়ে মারা হলে অগ্নিদগ্ধ হয়ে ছয়জন মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮০জনের নামে মিঠাপুকুর থানায় মামলা করে।