পেট্রলবোমায় আরও একজনের প্রাণহানি
বরিশালের উজিরপুর উপজেলায় একটি ট্রাক লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। পেট্রলবোমার আগুনে দগ্ধ হয়ে ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন।
আজ রোববার ভোর পৌনে ছয়টার দিকে উপজেলার সানুহার-বামরাইল এলাকার মধ্যবর্তী স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ হামলা হয়। হামলায় ট্রাকচালক আহত হয়েছেন।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, নিহত ব্যক্তির নাম মো. সোহাগ (১৮)। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আহত ট্রাকচালকের নাম মো. রিপন (২৩)। তাঁকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২০-দলীয় জোটের টানা অবরোধের ১৩তম দিন আজ। গত বছরের ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে চলতি বছরের ৬ জানুয়ারি থেকে এই অবরোধ চলছে।
গত ১২ দিনের অবরোধে সারা দেশে ২৬ জনের প্রাণহানি ঘটেছে, তাঁদের ১৯ জনই সাধারণ মানুষ। এর মধ্যে ১১ জন পেট্রলবোমা ও গাড়িতে আগুনে পুড়ে এবং ১০ জন সংঘর্ষে মারা গেছেন। পাঁচজন নিহত হন বিএনপি-জামায়াতের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সংঘর্ষে। এ ছাড়া অবরোধ কর্মসূচিতে আহত হয়েছেন পাঁচ শতাধিক ব্যক্তি।