পেট্রলবোমায় আহত গাড়িচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে দুর্বৃত্তের ছোড়া পেট্রলবোমায় আহত গাড়িচালক আবুল কালাম হাওলাদার (২৬) আজ বৃহস্পতিবার দুপুরে মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। 
হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, কালামের শ্বাসনালি, হাত-পা ও মুখমণ্ডলসহ শরীরের ৩৩ ভাগ পুড়ে গিয়েছিল।
কালামের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাঁর বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়ায়। বাবার নাম আবদুল হক। তিন ভাইয়ের মধ্যে কালাম সবার ছোট।
প্রায় দুই বছর ধরে কলাবাগান এলাকায় বসবাসকারী ব্যবসায়ী রাজু আহমেদের গাড়ি চালাচ্ছিলেন কালাম।
ব্যবসায়ী রাজু আহমেদ প্রথম আলোকে জানান, ৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে মগবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে যান তাঁরা। গাড়ির ভেতরে অবস্থান করছিলেন কালাম। এ সময় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় কালাম গুরুতরভাবে দগ্ধ হন। গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।