পেট্রলবোমায় গেল আরও এক প্রাণ
মাগুরার মঘিরঢালে পেট্রলবোমা হামলায় গুরুতর দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় চারজন নিরীহ মানুষের প্রাণ গেল।
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালে সহিংসতায় এখন পর্যন্ত ১২৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৭৩ জনই পেট্রলবোমা ও আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন।
চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে মারা গেছেন মঘিরঢালে পেট্রলবোমায় গুরুতর দগ্ধ হওয়া মো. ইয়াদুল (২০)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।
ইয়াদুল মাগুরার মঘিরঢালের বাসিন্দা। পেট্রলবোমার আগুনে তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে যায় বলে জানান বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল।
মাগুরার মঘিরঢালে পেট্রলবোমায় গুরুতর দগ্ধ আরও পাঁচজন বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র ও সার্বক্ষণিক পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
ওই ঘটনায় ইয়াদুল ছাড়াও মারা গেছেন শাকিল মোল্লা (২০), আবদুল মতিন বিশ্বাস (২৫) ও রওশন আলী (৪০)। তাঁদের বাড়িও মাগুরার মঘিরঢালে।
গত শনিবার একসঙ্গে মাগুরা থেকে শালিখা উপজেলার ভাটোখালী গ্রামে ট্রাকে বালু নিয়ে গিয়েছিলেন জেলার মঘিরঢালের নয় বাসিন্দা। বালু নামিয়ে সন্ধ্যার পর ফিরছিলেন তাঁরা। সারা দিন হাড়ভাঙা পরিশ্রম শেষে খালি ট্রাকের ভেতর ক্লান্তিতে গা এলিয়ে দিয়েছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় মাগুরা-যশোর মহাসড়কে দুর্বৃত্তরা ট্রাকটিতে দুটি পেট্রলবোমা ছোড়ে। এতে সবাই গুরুতর দগ্ধ হন। পরে মারা যান চারজন।
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধের ৭৯তম দিন আজ। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে এ অবরোধ। তবে এর দুই দিন আগে থেকেই শুরু হয় সহিংসতা। এই সময়ে অবরোধের পাশাপাশি বিরতি দিয়ে চলে হরতাল।