পেট্রলবোমায় চালক নিহত, সহকারী আহত
২০-দলীয় জোটের হরতাল-অবরোধের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে কাভার্ড ভ্যানে পেট্রলবোমা হামলা হয়েছে। এতে কাভার্ড ভ্যানের চালক নিহত ও তাঁর সহকারী আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে শিবগঞ্জ উপজেলার কানসাটে এ ঘটনা ঘটে।
কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারীর নাম-পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ। আহত সহকারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মতিউর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দরে যাওয়ার সময় কানসাট এলাকায় আজ ভোর পৌনে পাঁচটার দিকে কাভার্ড ভ্যানটিতে পেট্রলবোমা হামলা হয়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।
এর আগে গত রাতে কানসাটে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর কানসাটসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১২ জন কর্মীকে আটক করে যৌথ বাহিনী। ভোর রাতে অভিযান শেষে যৌথ বাহিনী ফিরে আসার পর কাভার্ড ভ্যানে পেট্রলবোমা হামলা হয়।