পেট্রলবোমায় দগ্ধ ঘুমন্ত ট্রাকচালক
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর নতুন রাস্তায় (বাইপাস) ঘুমন্ত ট্রাকচালকের ওপর পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাকের ভেতর ঘুমিয়েছিলেন চালক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, দগ্ধ ট্রাকচালকের নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন (৪০)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। রিয়াজের বাড়ি রংপুরে। তাঁর শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে বলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা জানিয়েছেন।
রিয়াজউদ্দিনের ভাষ্য, ভুট্টা নিয়ে গতকাল বিকেলে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। গৌরীপুর নতুন রাস্তায় ট্রাক থামিয়ে চালক রিয়াজ ও চালকের সহকারী মুন্না একটি দোকানে চা পান করেন। পরে রিয়াজ ট্রাকে উঠে ঘুমিয়ে পড়েন। এ সময় চালকের সহকারী মুন্না নিচের দোকানে ছিলেন।
সহকারী মুন্নার বরাত দিয়ে রিয়াজ জানান, তিন থেকে চারজন দুর্বৃত্ত হঠাৎ এসে ট্রাকে পেট্রলবোমা ছোড়ে। এ সময় ঘুমন্ত ট্রাকের চালক রিয়াজউদ্দিন দগ্ধ হন। পরে মুন্না তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।