পেট্রলবোমায় দগ্ধ শ্রমিকের মৃত্যু
ফেনীর লালপুর বাজারে ১৫ ফেব্রুয়ারি দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ মো. হোসেন আলী মিয়া (৫২) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত হোসেন আলীর ছেলে নুর আলম প্রথম আলোকে জানান, তাঁদের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন এলাকায়। তাঁর বাবা চট্টগ্রামে দিনমজুরের কাজ করতেন। ১৫ ফেব্রুয়ারি তিন হাজার টাকা নিয়ে তাঁর বাবা একটি কাভার্ড ভ্যানে করে চট্টগ্রাম থেকে বাড়ি যাচ্ছিলেন। সন্ধ্যা সাতটার দিকে কাভার্ড ভ্যানটি ফেনীর লালপুর বাজারের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে। এতে চালকসহ হোসেন আলী দগ্ধ হন। তাঁর শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। আহত অবস্থায় পরদিন ১৬ ফেব্রুয়ারি সকাল ছয়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। আজ সকালে তাঁর মৃত্যু হয়।
লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা আছে।