
হরতাল-অবরোধে রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারালেন আরও একজন নিরীহ মানুষ। পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়ে চার দিন তীব্র যন্ত্রণা ভোগের পর গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন লক্ষ্মীপুরের দিনমজুর হোসেন মিয়া (৫২)।
হোসেন মিয়াকে নিয়ে অবরোধ কর্মসূচি চলাকালে এই হাসপাতালের বার্ন ইউনিটে মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১০ জনে। আর এ সময়ে সারা দেশে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন ৫৫ জন।
লাগাতার অবরোধের ৪৫তম দিন গতকাল রাজধানীর হাজারীবাগের একটি বাড়িতে বোমা বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। তাঁর পরিচয় জানা যায়নি। আর গাড়িতে পেট্রলবোমা হামলায় সিরাজগঞ্জ, চট্টগ্রাম, টাঙ্গাইল ও সিলেটে দগ্ধ হয়েছেন আরও ১৩ জন। চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কিশোরগঞ্জেও নাশকতার চেষ্টা চালানো হয়েছে রেললাইনে।
এ ছাড়া গতকাল রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসসহ দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। এদিন রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট, নারায়ণগঞ্জ, গাইবান্ধা ও দিনাজপুরেও গাড়িতে পেট্রলবোমা হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সহিংসতার ঘটনা ঘটে ১০ জেলার অন্তত ১৬ স্থানে। অগ্নিসংযোগ করা হয় ১২টি গাড়িতে। নাশকতায় জড়িত থাকার সন্দেহ ও মামলায় ঢাকায় ২৪ জনসহ গ্রেপ্তার বা আটক করা হয় ৮৫ ব্যক্তিকে।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে এ অবরোধ কর্মসূচি। তবে দুই দিন আগেই শুরু হয় সহিংসতা। ক্রসফায়ারে নিহত ২৩ জনসহ সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৯৮ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৫৮৫টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে আরও ৫৭৬টি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিদের পাঠানো খবর:
চলে গেলেন হোসেন মিয়া: অবশেষে মারা গেলেন দিনমজুর হোসেন মিয়া। রেখে গেছেন শতবর্ষী মা চানভানু, বিধবা মেয়ে সাজু, স্কুল-কলেজপড়ুয়া চার সন্তানসহ ১২ সদস্যের পরিবার।
ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে দাঁড়িয়ে গতকাল কথা বলছিলেন হোসেন মিয়ার চাচাতো ভাই মো. আবদুল ওদুদ। প্রথম আলোকে তিনি বলেন, হোসেন মিয়ারা খুব দরিদ্র। মেঘনার ভাঙনে লক্ষ্মীপুরের চর কালকিনীতে যেটুকু জমি ছিল সব গেছে। চর মার্টিনে একটু জায়গায় ঘর বেঁধেছিলেন। সংসার চালাতেন একলা হাতে। কাজের খোঁজে বেরিয়ে পড়তেন দূরদূরান্তে। টাকাপয়সা জমিয়ে বাড়ি ফিরতেন। দিন দুই বাড়িতে থেকে আবার ছুটতেন।
হোসেন মিয়া চট্টগ্রামে দিনমজুরি করে যে কয়টা টাকা জমিয়েছিলেন, তাই পৌঁছে দিতে লক্ষ্মীপুরে আসছিলেন ১৫ ফেব্রুয়ারি রাতে। অবরোধে বাস পাননি; কাভার্ড ভ্যানে উঠেছিলেন। পথে ফেনীতে পেট্রলবোমা হামলায় পুড়ে যায় শরীরের ৭০ ভাগ। বাড়ি আর পৌঁছানো হয়নি, ঠাঁই হয়েছে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেখানেই মারা গেলেন গতকাল সকাল সাড়ে ১০টার দিকে।
দুপুর ১২টায় বার্ন ইউনিটের পেছনের দিকে বসে ছিলেন হোসেন মিয়ার স্ত্রী নূরজাহান। হাজিরহাট উপকূল কলেজে পড়ুয়া ছেলে নূর নবী হাত-পা ছড়িয়ে চিৎকার করে কাঁদছিলেন। স্বজনেরা জানান, এই সন্তানের ওপর ভর করেই স্বপ্ন দেখছিলেন দিনমজুর বাবা। বিরাট সংসারের ভার হয়তো এখন ওর ওপরই পড়বে। বাড়িতে নূর নবীর দাদি, মা, ছোট ভাইবোন, বিধবা বড় বোন, তিনটি ভাগনে-ভাগনি।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট: ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন পেট্রলবোমায় দগ্ধ ব্যক্তিদের চারজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল ভর্তি ছিলেন ৫০ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৮০ জন। প্রতিদিন ছুটি নিয়ে দু-একজন করে হাসপাতাল ছাড়ছেন। আবার ভর্তি হচ্ছেন নতুন রোগী।
গত বুধবার ভর্তি হয়েছেন দুজন, গতকাল একজন। টাঙ্গাইল থেকে আসা নতুন দুই রোগী গাড়িচালক উজ্জ্বল ও তাঁর সহকারী মামুন। উজ্জ্বলের শরীরের ১৫ শতাংশ ও মামুনের ৩০ শতাংশ পুড়ে গেছে। চট্টগ্রাম থেকে গুরুতর আহত অবস্থায় গতকাল রাতে ভর্তি হয়েছেন সুভাষ সোম।
দগ্ধ আরও ১৩ জন: চট্টগ্রামে গাড়িতে (রাইডার) পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়েছেন চারজন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় নগরের টাইগারপাস এলাকায় দগ্ধ এই ব্যক্তিরা হলেন সুভাষ সোম (৬০), নূর মোহাম্মদ (৩০), মো. সাবের (২৪) ও মো. নাছির (৪০)। শেষের তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
সুভাষ সোমকে ওই রাতেই চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে পৌঁছে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি। তাঁর শ্বাসনালিসহ ২৫ শতাংশ পুড়ে গেছে। পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয় তাঁকে।
ঘটনার বর্ণনা দিয়ে আহত মো. সাবের জানান, ‘আমরা রাইডারে করে জিইসি যাচ্ছিলাম। রাত ১২টার দিকে গাড়িটি টাইগারপাস মোড়ের কাছাকাছি পৌঁছলে একটি বোমা এসে পড়ে। এতে পুরো গাড়িতে আগুন ধরে যায়। আমি ডান দিকের কাচ ভেঙে বের হয়ে পড়ি। আমার হাত ও শরীরের কিছুটা আগুন লেগেছে।’
সুভাষ সোম তাঁদের সামনের আসনে বসে ছিলেন বলে জানান সাবের। ঘটনার পর সুভাষ নেমে এসে মাটিতে গড়াগড়ি দিয়ে আগুন নেভান। এরপর আহত চারজনকে স্থানীয় লোকজন চমেক হাসপাতালে নিয়ে যান।
তিন মেয়ের জনক সুভাষ সোম আড়তের একজন কর্মচারী। মেয়ে তন্দ্রা সোম চট্টগ্রাম মেডিকেলে এসে অঝোরে কাঁদছিলেন। ঘটনা বিবরণ জানতে চাইলে ক্ষুব্ধ হয়ে ওঠেন। বলেন, ‘কেন আপনারা এগুলো লিখছেন? লিখে আর কী হবে? জীবন্ত মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। আমাদের এই ক্ষতি কি আপনারা পুষিয়ে দিতে পারবেন?’
এদিকে গত রাত সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাউল সেতুর কাছে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে চালকসহ ছয়জন দগ্ধ হন। চলনবিল পরিবহনের বাসটি ঢাকা থেকে রংপুরে যাচ্ছিল। দগ্ধ ব্যক্তিরা হলেন চালক সজীব উদ্দিন, তাঁর সহকারী খলিল উদ্দিন এবং যাত্রী রুস্তম আলী, মোহসীন আলী, জহুরুল ইসলাম ও সুমন ইসলাম। তাঁদের স্থানীয় সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইলের ভূঞাপুরে বুধবার রাত একটার দিকে ট্রাকে পেট্রলবোমা হামলায় চালক উজ্জ্বল হোসেন ও সহকারী মাসুদ রানা দগ্ধ হয়েছেন। দুজনকেই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
একই রাতে সিলেট শহরের লামাবাজারেও ট্রাকে পেট্রলবোমা হামলায় চালক মোহাম্মদ মিলন দগ্ধ হন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির একটি বাসে মিরপুর ১ নম্বরে বিকেলে আগুন দেওয়া হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে নাবিস্কো মোড়ে বলাকা পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়। কেউ হতাহত হননি।
ট্রেনে আগুন ও রেললাইনে নাশকতা। চাঁদপুর থেকে চট্টগ্রামগামী আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বগির কিছু আসন পুড়ে গেছে। গতকাল ভোর চারটার চাঁদপুর বড় স্টেশন এলাকার অস্থায়ী রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
স্টেশন ম্যানেজার মাহরুফ হোসেন জানান, ট্রেনটিকে ডক থেকে বের করে চট্টগ্রামের উদ্দেশে রওনার জন্য প্রস্তুত করা হচ্ছিল। এর এক ঘণ্টা আগে ওই আগুন দেওয়া হয়। রেলকর্মীরা নিজ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বগিতে যাত্রী ছিলেন না।
এদিকে বুধবার রাতে ভৈরব-ময়মনসিংহ রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ এলাকায় এ ঘটনায় রেলপথটিতে পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি লোকাল ট্রেন রাত পৌনে নয়টার দিকে নীলগঞ্জ অতিক্রম করছিল। এ সময় রেললাইনে গাছ পড়ে থাকতে দেখে চালক দ্রুত ট্রেনটি থামাতে সক্ষম হন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
ঢাকা ও এর বাইরের আরও চিত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে গতকাল সন্ধ্যা সাতটার দিকে ককটেলের বিস্ফোরণে শহীদুল ইসলাম নামের এক রিকশাচালক আহত হন। তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। কিছুক্ষণ পর শেখ বাপ্পী ও মো. নোমান নামের দুই যুবককে ককটেল নিক্ষেপের অভিযোগে আটক করে পুলিশ। পুলিশ বলেছে, জনতা তাদের পিটিয়ে পুলিশে দিয়েছে। তবে তাঁরা বলেন, তাঁরা পথচারী। ককটেল বিস্ফোরণ ঘটাননি। এ ছাড়া দুপুরে মতিঝিল শাপলা চত্বরের কাছে ও রাতে শান্তিনগরে ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সের সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ বলেছে, এসব ঘটনায় জনতা সায়েম, আশিক, আকাশ ও মোজাম্মেল নামের চার যুবককে পিটিয়ে তাদের হাতে সোপর্দ করেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের সমর্থনে দুপুর সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় ঝটিকা মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পরে পুলিশ ধাওয়া দিলে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা।
সিলেট নগরের সুবিদবাজার, শাহজালাল উপশহর এলাকা ও সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার নামক স্থানে বুধবার রাতে দুটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যাওয়ার সময় রাজু নামের এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা। বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ হামলা চালানো হয়।
গাইবান্ধার পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কে গতকাল সকালে সারবোঝাই একটি ট্রাক ভাঙচুর করে আগুন দিয়েছেন অবরোধ-সমর্থকেরা। এতে ট্রাকটির সামনের কিছু অংশ পুড়ে যায়। দিনাজপুরের পার্বতীপুরে বুধবার রাতে আলুবোঝাই একটি ভটভটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।