
কাজ না থাকায় বেকার বসে ছিলেন। তাই আয়ের আশায় ২০ জানুয়ারি সাতক্ষীরা থেকে শুকনো মরিচের চালান নিয়ে বগুড়ায় যাওয়া ট্রাকে চালকের সহকারী হিসেবে উঠেছিলেন আবদুর রহিম (৩৭)। ফেরার পথে তাঁরা পেয়েছিলেন আসবাবপত্র পৌঁছানোর কাজ। ফলে আয় হওয়ার কথা ভালোই। কিন্তু ওই আসবাব আনার পথে পেট্রলবোমায় পুড়ে জীবনই হারাতে হলো রহিমকে।
চলমান অবরোধে সহিংসতায় প্রাণ হারানো আরেক সাধারণ মানুষ রহিম। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মারা যান। আর গত বৃহস্পতিবার গভীর রাতে মারা যায় অগ্নিদগ্ধ ১১-১২ বছরের শিশু জাকির হোসেন। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পেট্রলবোমা হামলার শিকার হয়ে দগ্ধ মানুষ প্রতিদিনই আসছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। বৃহস্পতিবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত বার্ন ইউনিটে ভর্তি হয়েছে মোট ছয়জন। এদের মধ্যে রহিম ও জাকির মারা গেছে।
বৃহস্পতিবার রাত আটটার দিকে বগুড়ার নুনগোলা এলাকায় মোকামতলা-জয়পুরহাট (পুরোনো দিনাজপুর সড়ক) সড়কে আসবাবপত্রবাহী একটি ট্রাকে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে রহিমসহ তিনজন দগ্ধ হন। অন্য দুজন হলেন ট্রাকচালক টিটন মিয়া (৪০) ও আসবাব ব্যবসায়ী সাজু মিয়া (৩০)। রহিম ও সাজুকে গতকাল ভোর চারটার দিকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বিকেলে রহিমের লাশ নিয়ে গ্রামের বাড়ি সাতক্ষীরার শ্রীরামপুরের দিকে রওনা দেন স্বজনেরা। রহিমের ভাই রমজান আলী প্রথম আলোকে বলেন, রহিম দুই ছেলেমেয়ের বাবা। তাঁর ছেলে নবম শ্রেণিতে ও মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ট্রাকের সহকারী হিসেবে কাজ করে সংসার চালাতেন তিনি। ট্রাক না চললে ট্রাকশ্রমিকদের আয় নেই। তার ওপর রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় সাহস পেয়ে ২০ জানুয়ারি শুকনো মরিচের চালান নিয়ে বগুড়া আসেন। আবার বগুড়ায় আসবাবপত্রের ভাড়া পেয়ে তা পরিবহনের সময়ই পেট্রলবোমায় আক্রান্ত হন।
বৃহস্পতিবার গভীর রাতে বার্ন ইউনিটে মারা যাওয়া শিশু জাকিরের কোনো ঠিকানা নেই। তাকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাভারের গণস্বাস্থ্য হাসপাতাল কর্তৃপক্ষ বার্ন ইউনিটে ভর্তি করে। পরে রাত একটার দিকে শিশুটি মারা যায়। গণস্বাস্থ্য হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ জানুয়ারি রাতে কয়েকজন যুবক গণস্বাস্থ্য হাসপাতালে পোড়া অবস্থায় জাকিরকে ভর্তি করেন। ওই যুবকেরা জানান, নবীনগর বাসস্ট্যান্ডের কাছে রাস্তা থেকে তাঁরা জাকিরকে উদ্ধার করেন। ধারণা করা হয়, কোনো যানবাহনের আগুনে শিশুটি পুড়ে গেছে। পরে শিশুটি কথা বলতে না পারায় বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি, তার বিস্তারিত পরিচয়ও পাওয়া যায়নি। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মর্গ সূত্র জানিয়েছে, শিশুটির মাথার সামনের দিকে ভোতা-ভারী কোনো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
আরও রোগী ভর্তি: গতকাল সকালে বার্ন ইউনিটে ভর্তি হন মাহাবুব আলম ও রেশমা বেগম দম্পতি। ২০ জানুয়ারি রাতে বাসে ঢাকা থেকে যাওয়ার সময় বরিশালে পেট্রলবোমা হামলার শিকার হন তাঁরা। গতকাল সাড়ে তিন বছরের মেয়ে মারজানকে নিয়ে এই দম্পতি বার্ন ইউনিটে ভর্তি হন। পেশায় গাড়িচালক মাহাবুব বলেন, ‘এই অবস্থা কত দিন চলব জানি না। তয় আমাগো চিকিৎসা যেন ভালো হয়। আমরা এই হাতের ওপরেই চলি।’
আগুনে মাহাবুব ও রেশমার হাতের কিছু অংশ পুড়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে শরীরে ৩৫ শতাংশ পোড়া নিয়ে বার্ন ইউনিটে ভর্তি হন সিলেটের ট্রাকচালক বকুল মিয়া। ২০ জানুয়ারি সিলেটে ট্রাকে পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়েছিলেন তিনি। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বার্ন ইউনিটে নাশকতার আগুনে পোড়া ২৫ জন চিকিৎসাধীন বলে জানান একজন চিকিৎসক।