পেট্রলবোমার আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার মাঠেরহাট বাজারের অদূরে বুড়িরঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি র‍্যাবের।

নিহত ব্যক্তির নাম মোস্তফা মঞ্জিল (৩৩)। তাঁর বাড়ি সদর উপজেলার মীরপুর গ্রামে। তিনি ছাত্রশিবিরের সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি পুলিশের।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ৬ ফেব্রুয়ারি রাতে গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা চালিয়ে আটজনকে হত্যা মামলার প্রধান আসামি ছিলেন মঞ্জিল।

র‌্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্প ও পলাশবাড়ী থানা পুলিশের ভাষ্য, যৌথবাহিনীর সঙ্গে অভিযানে অংশ নিয়ে র‌্যাবের একটি দল পলাশবাড়ী থেকে গাইবান্ধা ক্যাম্পে ফিরছিল। তারা ভোর পাঁচটার দিকে বুড়িরঘর এলাকায় পৌঁছায়। সেখানে পাঁচ থেকে সাতজনকে একত্রে অবস্থান করতে দেখে র‌্যাবের সন্দেহ হয়। র‍্যাবের গাড়ি থামলে ওই দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়ে মারে। পেট্রলবোমা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে র‌্যাবের সদস্যরা গুলি ছোড়েন। এতে মঞ্জিল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অন্যরা পালিয়ে যায়।

আজ সকালে ঘটনাস্থল থেকে মঞ্জিলের লাশ উদ্ধার করে পলাশবাড়ী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে সাতটি পেট্রলবোমা, একটি বিদেশি পিস্তল, একটি দেশি বন্দুক ও নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করার দাবি করা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মঞ্জিলের শরীরে একাধিক গুলি লেগেছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমানের ভাষ্য, মঞ্জিল শিবিরের একজন সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে সদর থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি রাতে গাইবান্ধায় পুলিশি পাহারায় যাত্রা করা একটি বাসে পেট্রলবোমা হামলা হয়। জেলা শহরের কাছে পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এতে শিশুসহ আটজন নিহত হয়। দগ্ধ হয় ১৮ জন। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলায় ৬০ আসামির নাম উল্লেখ করা হয়েছে। ২৮ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ওই মামলার প্রধান আসামি মোস্তফা মঞ্জিল।