চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরনিয়ন্ত্রিত মেস থেকে গত শনিবার সন্ধ্যায় উদ্ধার করা হয় পেট্রলবোমা। একই সংগঠনের নিয়ন্ত্রণে থাকা এফ রহমান হলের (ছাত্রাবাস) পেছনের পাহাড়ের ঝোপ থেকে গতকাল রোববার দুপুরে উদ্ধার করা হয়েছে ২১টি ককটেল।
এর আগে গত বুধবার রাতে ক্যাম্পাসে শিবিরনিয়ন্ত্রিত আরেকটি মেস থেকে পাঁচটি ককটেলসহ ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। ওই দিন সকালে চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে রাস্তায় শিক্ষকবাসে ককটেল হামলায় আহত হন ১২ শিক্ষকসহ ১৪ জন।
এদিকে শিক্ষকবাসে ককটেল হামলা ও ভাঙচুরের ঘটনায় করা বিস্ফোরক মামলায় গতকাল বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীসহ শিবিরের সাত কর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অন্যদিকে বাসে হামলার প্রতিবাদ, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা। আর পেট্রলবোমা উদ্ধারের ঘটনায় শনিবার রাতেই শিবিরের ৪২ জন নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছে হাটহাজারী থানার পুলিশ।
২১টি ককটেল উদ্ধার: শিক্ষকবাসে হামলার পর থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কয়েক দিন ধরে ক্যাম্পাসে অভিযান চালাচ্ছে পুলিশ। এফ রহমান ছাত্রাবাসের পেছনের পাহাড়ে অবৈধ অস্ত্রের মজুত রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। ছাত্রাবাসের সীমানার ৩০ ফুটের মধ্যেই ওই পাহাড়ের অবস্থান। পুলিশ জানায়, পাহাড়ের ঝোপের ভেতরে ব্যাগের মধ্যে ২১টি ককটেল রাখা ছিল।
এ বিষয়ে জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দেওয়া হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কাশেম প্রথম আলোকে বলেন, শিক্ষকবাসে হামলার পর পুলিশ অভিযানে যাবে জেনে আলাওল ও এফ রহমান ছাত্রাবাসের শিবিরের নেতা-কর্মীরা ককটেলগুলো পাহাড়ের ঝোপের মধ্যে লুকিয়ে রাখেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ২১টি ককটেল উদ্ধার করা হয়। তিনি বলেন, ককটেল উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা হয়নি।
সাতজনের রিমান্ড মঞ্জুর: শিক্ষকবাসে ককটেল হামলার ঘটনায় করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হওয়া সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য গত শুক্রবার রিমান্ডের আবেদন করেন হাটহাজারী থানার এসআই নুরুল হাকিম। আসামিদের মধ্যে মোস্তফা কামাল ও ইমাম হোসেনকে পাঁচ দিনের এবং ইউসুফ, তৌহিদুল ইসলাম, কামরুল বারাসাত, মামুন কাজী ও শাহ আলমকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আসামিদের মধ্যে শাহ আলম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কলেজ পরিদর্শক দপ্তরের পিয়ন। অন্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। গতকাল শুনানি শেষে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমান সাত আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হাটহাজারীর ছড়ারকুল এলাকায় বুধবার শিক্ষকবাসে ককটেল হামলায় ১২ জন শিক্ষকসহ অন্তত ১৪ জন আহত হন। ছাত্রশিবির ও ছাত্রলীগ এই হামলার জন্য পরস্পরকে দায়ী করেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের কর্মকর্তা রবিউল আলম বাদী হয়ে ওই রাতেই হাটহাজারী থানায় বিস্ফোরক ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। আর সেদিন রাতেই ক্যাম্পাসের ভেতরে শিবিরনিয়ন্ত্রিত মেস খতিব মঞ্জিল থেকে ককটেল উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে।
শিক্ষকবাসে হামলাসহ ক্যাম্পাস থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গতকাল পর্যন্ত অন্তত ২০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৫ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৪২ জনকে আসামি করে মামলা: বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ছাত্রাবাসের পাশে শিবিরনিয়ন্ত্রিত মেস দ্বীপ মঞ্জিল থেকে শনিবার সন্ধ্যায় পেট্রলবোমা, রড, লাঠি, পাথর, সাংগঠনিক বই ও জিহাদি ভিডিও সিডি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোহরাওয়ার্দী ছাত্রাবাস শাখা শিবিরের সভাপতি আবদুল হাকিম ও সাধারণ সম্পাদক ফিরোজ আলমসহ ৩০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে ওই রাতেই মামলা করে পুলিশ।
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ প্রথম আলোকে বলেন, থানার উপপরিদর্শক শাহনেওয়াজ বাদী হয়ে বিশেষ আইনে মামলা করেছেন।
বিশ্ববিদ্যালয় পরিস্থিতি ও কর্মবিরতি: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম মাধ্যম শাটল ও ডেমু ট্রেন এবং শিক্ষকবাস গতকাল স্বাভাবিক নিয়মেই চলেছে। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল।
গতকালও বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস হয়নি। কর্মসূচি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘১৬ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এক ঘণ্টার কর্মবিরতি চলবে।’
বিশ্ববিদ্যালয় থেকে একের পর এক অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভীতি কাজ করছে। শিক্ষার্থীরা বলছেন, গত ২৪ আগস্ট ক্যাম্পাসে শিবির-ছাত্রলীগ গুলিবিনিময়ের ঘটনা ঘটে। সেদিন রাতে পুলিশ অভিযান চালিয়ে শিবিরনিয়ন্ত্রিত সোহরাওয়ার্দী ছাত্রাবাস থেকে পেট্রলবোমাসহ ধারালো অস্ত্র উদ্ধার করে। এরপর নিরাপত্তার কারণে সোহরাওয়ার্দী ছাত্রাবাস খালি করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গত ১২ জানুয়ারি শাহ আমানত ছাত্রাবাসে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ হয়। এ ঘটনায় শিবিরের নেতা মামুন হায়দার নিহত হন। এরপর ছাত্রাবাসটি বন্ধ করে দেওয়া হয়।
শাহ আমানত ও সোহরাওয়ার্দী ছাত্রাবাস খুলে দেওয়া এবং তাতে বৈধ ছাত্রদের ওঠানোর দাবিতে ৩১ আগস্ট থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ধর্মঘটের ডাক দেয় শিবির। এর পর থেকে ক্যাম্পাসে সহিংসতা বাড়তে থাকে। ১ সেপ্টেম্বর শাটল ট্রেনে ককটেল হামলা চালানো হয়। এতে পাঁচ শিক্ষার্থী আহত হন। এরপর আরও কয়েক দফায় ক্যাম্পাসে, শাটল ট্রেনে ককটেল হামলা হয়। শিক্ষকবাসেও ঢিল ছোড়া হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের অন্তত পাঁচজন জ্যেষ্ঠ নেতার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু সবার নম্বর বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে ছাত্রলীগের বক্তব্য নেওয়া যায়নি। অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে কয়েক মাস আগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।
একের পর এক অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার প্রসঙ্গে প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর না থাকায় রাতের আঁধারে যে কেউ ক্যাম্পাসে ঢুকে অস্ত্র রাখতে পারে।