পেট্রলবোমাসহ ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার
ফরিদপুরে পেট্রলবোমা ও ককটেল এবং দুই সহযোগীসহ গ্রেপ্তার হয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার ওরফে খোকন (৩৯)।
গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকা থেকে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল তাঁদের গ্রেপ্তার করে। আনিসুর বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন।
আনিসুর রহমান তালুকদারের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার পশ্চিম খানজুরি গ্রামে। গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন মো. আলী ভূঁইয়া (২৮) ও সোহাগ গাজী (২৭)। ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কায়েশ মিয়া আনিসুর রহমান তালুকদারকে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে নিশ্চিত করেছেন।
র্যাব ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. খালেদউজ্জামান জানান, তাঁদের কাছ থেকে ১৫টি পেট্রলবোমা ও ২৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁদের কাছ থেকে আটটি মুঠোফোন, ১০টি সিম কার্ড ও ৫ হাজার ৭৯৫ টাকা জব্দ করা হয়েছে।
খালেদউজ্জামান আরও জানান, আনিসুর রহমান তালুকদারের বিরুদ্ধে ঢাকার সূত্রাপুর এবং পল্টন থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান বলেন, এ ব্যাপারে র্যাব বাদী হয়ে একটি মামলা করেছে। গ্রেপ্তার হওয়া ওই তিনজনকে মঙ্গলবার (আজ) আদালতে সোপর্দ করা হবে।