বাংলাদেশ সীমান্তসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল এলাকা থেকে গত বুধবার ১০ কেজি কোকেন উদ্ধার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের পূর্বাঞ্চলে এটি এযাবৎকালের সবচেয়ে বড় কোকেনের চালান উদ্ধার বলে জানিয়েছে তারা।
গতকাল শুক্রবার ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিএসএফের কাছে তথ্য ছিল, মূল্যবান কিছু পাচার হতে পারে। এ তথ্যের ভিত্তিতে তারা বুধবার সন্ধ্যায় সীমান্তবর্তী পেট্রাপোল এলাকায় বিশেষ অভিযান চালায় এবং ভারতে প্রবেশ করা সবগুলো গাড়িতে তল্লাশি জোরদার করে। এ সময় বাংলাদেশ থেকে আসা পশ্চিমবঙ্গের নম্বরপ্লেট লাগানো একটি ট্রাকে তল্লাশি করে পাউডার জাতীয় পণ্যের ১০ কেজি ওজনের একটি ব্যাগ পাওয়া যায়। পরে তা কলকাতার মাদক নিয়ন্ত্রণ ব্যুরোতে (এনসিবি) পাঠায় বিএসএফ। পরীক্ষার পর এনসিবি জানায়, ওই জব্দকৃত ওই পাউডার মূলত কোকেন। এর মূল্য হতে পারে প্রায় ৪০ কোটি ভারতীয় রুপি।
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাকটির চালক ছিলেন সুমন শীল নামের ২২ বছরের এক যুবক। তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি গ্রামে।