
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে প্রায় ২০০ কোটি টাকার কয়লা আত্মসাতের ঘটনা অনুসন্ধানের অংশ হিসেবে পেট্রোবাংলা চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. শামসুল হাসান মিয়ার বক্তব্য নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) প্রধান কার্যালয়ে গিয়ে দুই চেয়ারম্যানের বক্তব্য গ্রহণ এবং সংশ্লিষ্ট নথিপত্র চেয়েছে দুদক। দুদকের পরিচালক ও অনুসন্ধান তদারক কর্মকর্তা কাজী শফিকুল আলমের নেতৃত্বে সংস্থার বিশেষ দলটি বক্তব্য নেয়। সংস্থার উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, অনুসন্ধানে গতি আনতেই পেট্রোবাংলা ও বিপিডিবির চেয়ারম্যানের বক্তব্য নেওয়া হয়েছে। এর পাশাপাশি অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র তলব করা হয়েছে। দুই সংস্থাই যাতে দ্রুত সময়ের মধ্যে এ সংক্রান্ত নথিপত্র সরবরাহ করে সে বিষয়ে দুই চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে। সূত্র জানিয়েছে, দুই সংস্থার চেয়ারম্যানই দুদককে সহযোগিতার কথা বলেছেন।
এদিকে সকালে দুদক সচিব মো. শামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, বড় পুকুরিয়া কয়লা খনি থেকে জাল জালিয়াতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১ লাখ ১৬ হাজার মেট্রিকটন কয়লা খোলা বাজারে বিক্রি করে আনুমানিক ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে যে কাউকে তলব করা হবে। অনুসন্ধান প্রতিবেদনও দ্রুত সময়ের মধ্যে জমা দেবে দুদক।
শামসুল আরেফিন বলেন, ‘আমরা পেট্রোবাংলাকে নির্দেশনা দিয়েছি, তারাও একটু অ্যাডমিনিস্ট্রেশনে খতিয়ে আমাদের রিপোর্ট করবেন, এর সঙ্গে কারা জড়িত আছে।’
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে কাগজে-কলমে বেশি কয়লার মজুত দেখিয়ে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে গতকাল সোমবার তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে দুদক। দুদকের উপপরিচালক শামসুল আলমের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে আছেন সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও উপসহকারী পরিচালক তাজুল ইসলাম। ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শেষ করে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।