পেপার মিলে গ্যাস চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) বগুড়া কার্যালয়ের আওতাধীন বিসিএল পেপার মিলের বিরুদ্ধে অনুমোদনের তিন গুণের বেশি গ্যাস ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
বগুড়ার বেসরকারি সংস্থা টিএমএসএসের একটি অঙ্গপ্রতিষ্ঠান মেসার্স বিল্ডিং কনস্ট্রাকশন লি. (বিসিএল) পেপার মিল। জানা গেছে, বিসিএল পেপার মিলের ৩০ টন উৎপাদন ক্ষমতার একটি ইউনিটে গ্যাস সংযোগ দেওয়া রয়েছে। পিজিসিএলের পরিদর্শন দল গত বছরের জুলাই মাসে তাদের ৯০ টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন আরেকটি ইউনিটে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রস্তুতির আলামত পায়। কিন্তু কর্তৃপক্ষ সে সময় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। অক্টোবর মাসে তাদের গ্যাসের ব্যবহার অনুমোদনের চার গুণ ছাড়িয়ে যায়। নভেম্বর মাসে গ্যাসের ব্যবহার ছিল চার গুণেরও বেশি। গত এপ্রিল মাসেও তাদের গ্যাসের ব্যবহার তিন গুণের বেশি ওঠে। গ্যাস আইন ও গ্যাস বিপণন গেজেটের ধারা ১০ ও ধারা ৭.২. ৩ (চ) অনুযায়ী, এটা বিচ্ছিন্নযোগ্য ও শাস্তিযোগ্য অপরাধ।
এ ঘটনায় বগুড়ার একজন সাংবাদিক গত ২৪ মার্চ পিজিসিএলকে উকিল নোটিশ পাঠান। এতে পিজিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী হোসেন ও সংশ্লিষ্ট বর্তমান কর্মকর্তাদের বিবাদী করা হয়। নোটিশ পাওয়ার পর গত ৫ এপ্রিল এবং ৬ মে পিজিসিএলের পক্ষ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠানো হয়। এতে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য পেট্রোবাংলার মাধ্যমে ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন জানানো হয়।
চিঠি সূত্রে জানা গেছে, বোর্ডের ১৪৫তম এবং ১৪৯তম সভার অনুমোদনক্রমে ২০১০ সালের ১৩ জুলাই বিসিএল পেপার মিলের দুই টন ক্ষমতার একটি বয়লার এবং ক্যাপটিভ খাতে ১০০০ কিলোওয়াট ও ১৩৬০ কিলোওয়াট ক্ষমতার দুটি জেনারেটরে গ্যাস সংযোগ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি ২০১২ সালের ৪ জানুয়ারি ১০ টন ক্ষমতার আরও একটি বয়লারে গ্যাস সংযোগের জন্য (লোড বৃদ্ধি) আবেদন করলেও পিজিসিএল তা অনুমোদন করেনি। এরপরও পিজিসিএলের কর্মকর্তারা ইউনিট-১-এর বয়লারের স্টিম ব্যবহার করে ইউনিট-২-এর বয়লার চালানোর অনুমতি দেন। অথচ ইউনিট-১-এর বয়লার হচ্ছে দুই টন ক্ষমতার। আর ইউনিট-২-এর বয়লার হচ্ছে ১০ টন ক্ষমতার। এই অনুমতি পেয়েই তারা গ্যাসের অনুমোদনহীন লোড ব্যবহার শুরু করে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ২৮ আগস্ট পর্যন্ত পিজিসিএলের এমডি ছিলেন আলী হোসেন। মহাব্যবস্থাপক (বিপণন) ছিলেন রেজাউল ইসলাম খান, ডিজিএম (বিক্রয়) ছিলেন কামরুজ্জামান খান ও বগুড়া কার্যালয়ের ইনচার্জ ছিলেন আমিনুর রহমান খান। আলী হোসেন বর্তমানে টিএমএসএসের অর্থবিষয়ক উপদেষ্টা।
জানতে চাইলে আলী হোসেন বলেন, তাঁরা ইউনিট-১-এর তাপ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে একই পরিমাণ লোড ব্যবহার করে ইউনিট-২ চালানোর অনুমতি দিয়েছিলেন। তাঁরা অঙ্গীকারনামা নিয়েছিলেন, কোনোভাবেই তারা (পেপার মিল কর্তৃপক্ষ) অনুমোদনের বেশি লোড ব্যবহার করবে না। তারা সে অঙ্গীকার রাখতে পারেনি। কারণ, এ জন্য হিট রিকভারি বয়লারের দরকার পড়ে। তারা সেটা জোগাড় করতে পারেনি। তিনি দাবি করেন, তিনি অবসরে যাওয়ার পরই তারা বেশি লোড ব্যবহার করেছে। বিসিএল পেপার মিলের চলতি মাসে গ্যাস ব্যবহারের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এটা তিনি সঠিক বলতে পারবেন না। তবে এখন বিসিএল লোড নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আর পিজিসিএলও লোড নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা দরকার তা-ই করছে।
পিজিসিএলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক বলেন, এ ঘটনায় দুটি তদন্ত কমিটি হয়েছে। একটির প্রধান হচ্ছেন পেট্রোবাংলার পরিচালক (ফাইন্যান্স) মাহাবুবুর নাহার এবং অন্যটির প্রধান জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) নূরুল ইসলাম। তাঁরা তদন্ত করছেন।