পেরেক দিয়ে ব্যানার-ফেস্টুন, শতাধিক গাছের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কয়েক বছর ধরে গাছে পেরেক দিয়ে লাগানো হচ্ছে রাজনৈতিক ব্যানার-ফেস্টুন। এভাবে পেরেক গাঁথার কারণে গত দুই মাসে শতাধিক গাছ মরে গেছে।
শহর ও প্রতিটি ইউনিয়নের গাছে বড় বড় পেরেক মেরে লাগানো হয়েছে অসংখ্য ব্যানার-ফেস্টুন। বিএনপি-আওয়ামী লীগ, ছাত্রলীগ-ছাত্রদল, যুবদল-যুবলীগ ও শ্রমিক লীগ-শ্রমিক দলের নেতা-কর্মীরা এসব লাগান।
সরেজমিনে রায়পুর-লক্ষ্মীপুর সড়ক, পানপাড়া, খাসেরহাট ও হায়দারগঞ্জসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, উপজেলা যুবলীগের সদস্য নুরনবী শাওন, সোনাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ও মাসুদ উদ্দিন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরকে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দেখতে চেয়ে শুভেচ্ছা জানিয়ে ব্যানার-ফেস্টুন গাছের সঙ্গে লাগানো হয়েছে। একইভাবে জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন, নুর উদ্দিন চৌধুরীর ব্যানার-ফেস্টুন লাগানো হচ্ছে।
এ ছাড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ জাহের, ছাত্রলীগের সভাপতি মারুফ বিন জাকারিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি সোহরাব হোসেন, আবু সাইদ মিনার, চর মোহনা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আহাম্মেদ ইমতিয়াজ আরিফসহ প্রতি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন লাগাচ্ছেন। দেখা গেছে, একই গাছে কমপক্ষে দু-তিনটি ফেস্টুন লাগানো হয়েছে।
একইভাবে বিএনপির সাবেক সাংসদ, উপজেলা যুবদলের সভাপতি, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক প্রমুখ ইউনিয়ন ও ওয়ার্ডের অধিকাংশ নেতা-কর্মীর ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে গাছে পেরেক মেরে।
রায়পুর-চাঁদপুর সড়কের লেংড়া বাজারে দুটি, পৌরসভা অফিসের সামনে তিনটি, বাসাবাড়িতে একটি, রাখালিয়া একটি, খাসেরহাট সড়কে ১১টি, পানপাড়া সড়কে তিনটিসহ ওই সড়কগুলোতে শিশু ও কড়ইগাছসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ মরে গেছে। গাছগুলো এখনো কাটা হয়নি।
উপজেলা যুবলীগের সদস্য নুরনবী বলেন, ‘ডিজিটাল ফেস্টুন কর্মীরা গাছে পেরেক দিয়ে লাগিয়েছে। আমি তার দিয়ে লাগাতে বলেছি। তা ছাড়া দীর্ঘদিন ধরেই পেরেক দিয়েই লাগানো হচ্ছে।’
সোনাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান জানান, সবাই পেরেক দিয়ে লাগাচ্ছে। এ জন্য তাঁরগুলো একইভাবে লাগিয়ে দেওয়া হয়েছে।
লক্ষীপুর সরকারি ডিগ্রি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল আহাদ বলেন, গাছে পেরেক লাগানোর কারণে গাছের গায়ে যে ছিদ্র হয় তা দিয়ে পানি ও এর সঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক ও অণুজীব ঢোকে। এতে গাছের ওই জায়গায় পচন ধরে। ফলে তার খাদ্য ও পানি শোষণ প্রক্রিয়া ব্যাহত হয়। এ সময় গাছটি মারা যায়।
উপজেলা বন কর্মকর্তা জসিম উদ্দিন মুন্সী বলেন, গাছেরও জীবন আছে। এ প্রবণতা অব্যাহত থাকলে আরও গাছ মরে যাওয়ার আশঙ্কা আছে। এতে ভবিষ্যতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে।