ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পেশ ইমাম নিয়োগে গত জানুয়ারিতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, সরকারি নীতিমালা অমান্য করে পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে পরিকল্পিতভাবে বিজ্ঞপ্তিতে যোগ্যতার কথা উল্লেখ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ১৯ জানুয়ারি মসজিদের পেশ ইমামের দুটি পদের জন্য জনকণ্ঠ পত্রিকায় বিজ্ঞাপন দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই বিজ্ঞপ্তিতে পেশ ইমামের যোগ্যতার জায়গায় লেখা হয়, ‘কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি স্টাডিজ বা আরবিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমানের কামিল পাস এবং বড় কোনো মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালনে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।’ কিন্তু ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পেশ ইমামের যোগ্যতা হিসেবে উল্লিখিত যোগ্যতা ছাড়াও ‘কোনো কওমি মাদ্রাসা থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির দাওরায়ে হাদিস’-এর কথা বলা আছে। সরকারি প্রজ্ঞাপনে দাওরায়ে হাদিসের কথা উল্লেখ থাকলেও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে তা দেওয়া হয়নি। অথচ একই পদের জন্য ১৯৯৬ সালের ১৫ আগস্ট দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তিতে উল্লিখিত সব যোগ্যতার উল্লেখ রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিজ্ঞপ্তি প্রকাশের পর ওই পদের জন্য প্রশাসন প্রাথমিকভাবে ৫২ জনকে নির্বাচিত করে। তবে শুধু দাওরায়ে হাদিস যোগ্যতা থাকায় ১৪ জনকে বাদ দিয়ে ৩৮ জনকে সাক্ষাৎকারপত্র দেয় প্রশাসন। তবে একটি মহলের চাপে শুধু দাওরায়ে হাদিস থাকা সত্ত্বেও একজন প্রার্থীকে সাক্ষাৎকারপত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে বিজ্ঞপ্তিতে পেশ ইমামের বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছরের কথা উল্লেখ থাকলেও অধিকাংশের বয়স তারও বেশি। এদিকে সরকারি প্রজ্ঞাপনে সর্বোচ্চ বয়স ৩৫ বছর থাকলেও বেশির ভাগ প্রার্থী যাতে আবেদন করতে না পারেন, সে জন্য প্রশাসন কারচুপির আশ্রয় নিয়েছে বলেও অভিযোগ উঠেছে।
দাওরায়ে হাদিসে প্রথম শ্রেণি থাকা সত্ত্বেও সাক্ষাৎকারপত্র পাননি মাকছুদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘কার্ড (সাক্ষাৎকারপত্র) না পেয়ে আমি অতিরিক্ত রেজিস্ট্রার ইউসুফ আলী মণ্ডলের কাছে যাই। তিনি আমাকে বলেন, “নতুন সরকারি নীতিমালা হয়েছে, সেখানে দাওরায়ে হাদিসের উল্লেখ নেই। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি চিঠি আমাদের কাছে আছে।”’ পরে মাকছুদুর ওই চিঠি দেখতে চাইলে তাঁকে দেখানো হয়নি বলে তিনি জানান। বিশ্ববিদ্যালয়ের একটি নিয়োগের পর গত রোববার থেকে অতিরিক্ত রেজিস্ট্রার ইউসুফ আলী ও রেজিস্ট্রার আবদুল খালেককে দেখা যাচ্ছে না। তাঁদের মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে সাক্ষাৎকার গ্রহণ কমিটির সদস্য অধ্যাপক আবদুর রহমান সরকার বলেন, ‘বিজ্ঞপ্তির ওই বিষয়টি রেজিস্ট্রারের কাছে বলা হলে তিনি তা ঠিক আছে বলে জানান। বয়সের ব্যাপারটি শিথিল করতে উপাচার্য আমাদের নির্দেশনা দিয়েছিলেন। তবে প্রার্থীদের প্যানেল করা হলেও কোনো এক সমস্যার কারণে উপাচার্য এখনো নিয়োগ দিতে পারেননি।’ এ বিষয়ে উপাচার্য মো. রফিকুল হকের মুঠোফোনে ফোন করলেও তা বন্ধ পাওয়া গেছে।
তালা খোলা হয়নি: কর্মচারী নিয়োগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থের বিনিময়ে বিএনপি-জামায়াতপন্থী লোক নিয়োগের অভিযোগে গত বুধবার ছাত্রবিষয়ক বিভাগ কার্যালয়ের প্রধান ফটকে তালা দেয় ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তালাবদ্ধ অবস্থায় ছিল ওই কার্যালয়। ওই ভবনে প্রক্টর কার্যালয়ও রয়েছে। ছাত্রবিষয়ক বিভাগ ও প্রক্টর কার্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী বুধবার থেকে ভবনে ঢুকতে পারেননি। প্রশাসনও তালা ভাঙার কোনো ব্যবস্থা নেয়নি।
জানতে চাইলে ছাত্র উপদেষ্টা জহিরুল হক খন্দকার বলেন, ছাত্রলীগের সঙ্গে আলোচনা হয়েছে। তারা তালা খুলে দেবে।
প্রক্টর হারুন-অর-রশিদ বলেন, তালা খোলা হয়েছে। তবে তাঁর কথা অনুযায়ী ফটকে গিয়ে তালা খোলা পাওয়া যায়নি।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনিয়মের অভিযোগ: নিয়োগ স্থগিত করল ইউজিসি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।