পেশকারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ের পেশকারের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তাঁর অপসারণের দাবিতে গতকাল সোমবার লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কের তুষভান্ডার বাজারে কৃষকেরা মানববন্ধন করেন।

দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে কৃষক ও কিষানিরা অংশ নেন। এ সময় পেশকার তরিকুল ইসলামকে শিগগির অন্যত্র বদলির দাবি করা হয়। পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এতে ২৩ জন কৃষকের সই রয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ‘আমরা কালীগঞ্জ উপজেলার সাধারণ জনগণ। জমি-সংক্রান্ত কাজে কালীগঞ্জ সেটেলমেন্ট কার্যালয়ে গিয়ে নানা হয়রানি, অনিয়ম ও দুর্নীতির শিকার হচ্ছি। বিশেষ করে এ কার্যালয়ের পেশকার তরিকুল ইসলাম আমাদের ঘুষ দিতে বাধ্য করেন। ঘুষ না দিলে কোনো কাজ হয় না। বিধি মোতাবেক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’

ইউএনও শাহিনুর আলম বলেন, আগামীকাল (আজ) মঙ্গলবার স্মারকলিপিটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মুঠোফোনে জানতে চাইলে তরিকুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।