পোকা পড়া ডালডায় সেমাই দুই মণ বাসি মিষ্টি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত গতকাল চট্টগ্রামের চাক্তাই এলাকায় ডায়মন্ড ফুড কারখানায় অভিযান চালান। এ সময় দুই মণ বাসি মিষ্টি জব্দ করা হয়। ছবিটি বেলা সাড়ে তিনটায় তোলা l প্রথম আলো
র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত গতকাল চট্টগ্রামের চাক্তাই এলাকায় ডায়মন্ড ফুড কারখানায় অভিযান চালান। এ সময় দুই মণ বাসি মিষ্টি জব্দ করা হয়। ছবিটি বেলা সাড়ে তিনটায় তোলা l প্রথম আলো

অপরিচ্ছন্ন-নোংরা উপকরণ দিয়ে ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন এবং পচা-বাসি মিষ্টি সংরক্ষণের অপরাধে চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকায় ডায়মন্ড কারখানাকে আট লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া নগরের খাতুনগঞ্জ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সরষের তেল উৎপাদনের দায়ে মহসিন অয়েল মিল ও শফি অয়েল মিল নামের দুটি কারখানাকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি বলেন, ঈদ উপলক্ষে লাচ্ছা সেমাই তৈরি হচ্ছিল ডায়মন্ডের কারখানায়। সেখানে নোংরা ফাঙাস পড়া মেঝেতে পোকা পড়া ডালডা, ময়দা দিয়ে অস্বাস্থ্যকরভাবে সেমাই তৈরি করছিলেন শ্রমিকেরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কারখানাটিতে বিক্রির জন্য প্রায় দুই মণ বাসি মিষ্টি সংরক্ষণ করা হয়েছিল। প্রতিষ্ঠানটিকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা বাসি মিষ্টি ফেলে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ১৫ দিনের মধ্যে কারখানার পরিবেশের উন্নতি না হলে তা সিলগালা করে দেওয়া হবে।
অনিয়মের কারণে এই প্রতিষ্ঠানটিকে এর আগে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছিলেন।
খাতুনগঞ্জের মোশারফ হোসেন রোডে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে সরষের তেল উৎপাদন ও তেলে রং মেশানোর দায়ে মহসিন অয়েল মিলকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদনের দায়ে শফি অয়েল মিল নামের আরেকটি সরষের তেলের কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেন একই ভ্রাম্যমাণ আদালত।
এদিকে মেয়াদোত্তীর্ণ ঘি বিক্রি, পচা মাছ বিক্রিসহ নানা অপরাধে বহদ্দারহাট এলাকার ছয় বিক্রেতাকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম। বহদ্দারহাট এলাকার হক মার্কেট ও বহদ্দারহাট কাঁচাবাজারে এ অভিযান চালানো হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ ঘি বিক্রি ও বেশি দামে পণ্য বিক্রি করায় হক মার্কেটের বাগদাদ স্টোরকে ১০ হাজার টাকা, বহদ্দারহাট কাঁচাবাজারে পচা ইলিশ মাছ বিক্রি ও ওজনে কম দেওয়ায় মাছ বিক্রেতা মো. মুসলিমকে পাঁচ হাজার টাকা, গরুর মাংসকে মহিষের মাংস হিসেবে বিক্রি করা ও কসাইখানার রসিদ দেখাতে না পারায় আনোয়ার হোসেন, মো. জুয়েল, মো. সেলিম ও নোয়াব আলী নামের চার মাংস বিক্রেতাকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।