সাতক্ষীরার কলারোয়া উপজেলা খাদ্যগুদামের কর্মকর্তা আলী নূর ইসলামকে গত মঙ্গলবার সাময়িক বরখাস্ত করেছে খাদ্য মন্ত্রণালয়। তাঁর বিরুদ্ধে দরিদ্রদের বিশেষ বরাদ্দের ৫০ মেট্রিক টন পোকায় ধরা ও দুর্গন্ধযুক্ত নিম্নমানের চাল গুদামে সরবরাহের চেষ্টার অভিযোগ উঠেছে।
অভিযোগ তদন্তে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তাকে আহ্বায়ক করে গঠিত কমিটি যে চাল ভালো বলে মত দিয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। মন্ত্রণালয় ওই চালও বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করার নির্দেশ দিয়েছে। এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে মন্ত্রণালয়ের একজন উপসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে কলারোয়া উপজেলা খাদ্যগুদামের মাধ্যমে সরকার ৫২৮ মেট্রিক টন চাল সংগ্রহ করে। গুদাম কর্মকর্তা আলী নূর ইসলামের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে নিম্নমানের ও পচা চাল কেনার অভিযোগ ওঠে। জেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তার নির্দেশে উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা হাফিজুর রহমান বিষয়টি তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি নিম্নমানের ৫০ মেট্রিক চাল কোথাও সরবরাহ না করার নির্দেশ দিয়ে গুদাম সিলগালা করে দেন।
সূত্র জানায়, ইতিমধ্যে দরিদ্রদের বিশেষ বরাদ্দের জন্য জেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা ওই গুদাম থেকে ৫০ মেট্রিক টন চাল তালা উপজেলার পাটকেলঘাটার গুদামে পাঠানোর নির্দেশ দেন। কলারোয়া খাদ্যগুদাম কর্মকর্তা নিম্নমানের ওই ৫০ মেট্রিক টন চাল দুটি ট্রাকে করে পাটকেলঘাটায় পাঠানোর চেষ্টা করেন। কিন্তু স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাৎক্ষণিক ওই চালসহ গুদাম সিলগালা করেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান ও কলারোয়ার ইউএনও অনুপ কুমার তালুকদার এই পচা ও নিম্নমানের চালের বিষয়টি জানিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খাদ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠান। পাশাপাশি তাঁরা তদন্ত কমিটির ভালো চাল বলে মতামত দেওয়া চাল আদৌ খাবার উপযোগী কি না, তা-ও পরীক্ষা করার অনুরোধ জানান। সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এসব পদক্ষেপ নিয়েছে।
জানতে চাইলে আলী নূর ইসলাম মঙ্গলবার প্রথম আলোকে বলেন, কর্তৃপক্ষের নির্দেশে তিনি এসব চাল পাটকেলঘাটা গুদামে পাঠাচ্ছিলেন। ওই চাল পচা নয়।