পোলট্রি খামার থেকে দুর্গন্ধ ছড়ানোর সত্যতা মিলেছে
মৌলভীবাজারে সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড রহিমপুর শাখার পোলট্রি খামার থেকে আশপাশের গ্রামে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। গত বুধবার পরিবেশ অধিদপ্তর সিলেট কার্যালয়ের একটি প্রতিনিধিদল খামার এলাকা পরিদর্শন করে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার সত্যতা পায়।
পরিবেশ অধিদপ্তর সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান বুধবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকায় স্থাপিত সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড রহিমপুর শাখার পোলট্রি খামার ও এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি আশপাশের বাড়িঘরের এবং গ্রামের লোকজনের সঙ্গে বলেন।
সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আমি ফ্যাক্টরি ঘুরে দেখলাম। ফ্যাক্টরির ভেতরে দুর্গন্ধ নেই। কিন্তু ফ্যাক্টরির বাইরে প্রায় এক কিলোমিটার এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। আমি নিজেও দুর্গন্ধ পেয়েছি। তবে আমরা তো ফ্যাক্টরি বন্ধ বা জরিমানা করতে পারি না। তদন্ত রিপোর্ট ঢাকা অফিসে পাঠিয়ে দেব। তারা সিদ্ধান্ত নেবে।’
সহকারী পরিচালক জানান, গ্রামের ভেতরে এত বড় মোরগের খামার করা ঠিক হয়নি। কোনো ফাঁকা জায়গায় করা হলে এ রকম সমস্যা হতো না। এখানে খামার স্থাপনের আগে দুর্গন্ধ হতে পারে এটা তাদের জানা উচিত ছিল। এত দিন অবৈধভাবে খামার চালানো হয়েছে। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেওয়া হয়নি। গত ২৫ জুন পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের জন্য কোম্পানির পক্ষ থেকে অনলাইনে আবেদন করা হয়েছে। সিপি কোম্পানি কর্তৃপক্ষ তাঁকে (সহকারী পরিচালককে) জানিয়েছে, মোরগ বিক্রির উপযুক্ত হতে ২৮ দিন সময় লাগে। মোরগ বিক্রির পর দুর্গন্ধ বন্ধে তারা ব্যবস্থা নেবে।