পোশাক কারখানার কর্মকর্তাকে হত্যা
গাজীপুরের কালিয়াকৈর বাজার এলাকার একটি পোশাক কারখানার ফটকের তালা ভেঙে গতকাল রোববার প্রতিষ্ঠানের এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কারখানার মালিকের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশের ধারণা, ওই কর্মকর্তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, টান কালিয়াকৈর এলাকার সুমন হোসেন কয়েক বছর আগে কালিয়াকৈর বাজার এলাকার জালাল উদ্দিনের একটি ভবনের নিচতলা ভাড়া নেন। সেখানে ‘সরকার নিট লিমিটেড’ নামে পোশাক তৈরির একটি কারখানা করেন। কারখানায় ৬০-৭০ জন শ্রমিক কাজ করেন। দুই মাস ধরে কারখানার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। গতকাল সকালে শ্রমিকেরা এসে কারখানার ফটক বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও শফিকুলের সাড়া না পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানার মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে শফিকুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। গলায় শার্ট প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ সিলিং ফ্যানের হুকে ঝুলছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে গলায় শার্ট পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। আর ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে লাশ ঝুলিয়ে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পর থেকে কারখানার মালিক সুমন হোসেনসহ তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন।