পোশাক কারখানার শ্রমিক ধর্ষণের শিকার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত রোববার পোশাক কারখানার এক কিশোরী শ্রমিক (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মেয়েটির মা থানায় অভিযোগ করেছে। গতকাল বুধবার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচজনকে আটক করেছে।
থানা–পুলিশ সূত্র জানায়, রোববার রাত সাড়ে আটটার দিকে পোশাক কারখানায় কাজ শেষে ওই কিশোরী শ্রমিক মায়ের বান্ধবীর ছেলের সঙ্গে বাড়ি ফিরছিল। পথে কয়েকজন যুবক তাদের আটক করে। যুবকেরা স্থানীয় এক নারীর বাড়ির একটি কক্ষে নিয়ে তার সঙ্গের ছেলেটিকে পিটিয়ে আহত করে ছেড়ে দেয়।
পরে তিন-চারজন যুবক কিশোরীকে ধর্ষণ করে। যুবকেরা তাকে বলতে বাধ্য করে যে সে ধর্ষণের শিকার হয়নি এবং এই বক্তব্য যুবকেরা মুঠোফোনে ধারণ করে। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। রাত ১১টার দিকে তার মা গ্রাম পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করেন। কিশোরী শ্রমিক ধর্ষণের শিকার হওয়ার কথা তাৎক্ষণিকভাবে পরিবারকে জানায়নি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই বিকেলে তার মা আড়াইহাজার থানায় অভিযোগ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে। ঘটনার সঙ্গে
জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।