গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের ৩ কোটি ৪০ লাখ টাকা লুট করা হয়েছে। এ ঘটনার পর থেকে কারখানার দুজন নিরাপত্তাকর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
গত শনিবার রাতে মৌচাক এলাকার নিট প্লাস লিমিটেড পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। কারখানার প্রশাসন সূত্রে জানা গেছে, এ পোশাক কারখানায় ২ হাজার ৮০০ শ্রমিক ও কর্মকর্তা চাকরি করেন। দুদিন আগে তাঁদের বেতন দেওয়ার জন্য ৩ কোটি ৪০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে এনে কারখানায় রাখা হয়।
কারখানায় সমির হোসেন, মান্নান মিয়া, সাইফুল ইসলাম, আমজাত মিয়া, খালেক মিয়া, আলম সিকদার নামের ছয়জন নিরাপত্তাকর্মী রয়েছেন। প্রতিদিনের মতো গত শনিবার রাতেও তাঁরা দায়িত্বে ছিলেন। একপর্যায় নিরাপত্তাকর্মী সমির, মান্নান, সাইফুল ও আমজাতকে কৌশলে ঘুমের ওষুধ সেবন করানো হয়। ওই চার নিরাপত্তাকর্মী অচেতন হয়ে গেলে শনিবার রাতের কোনো এক সময় বেতনের ৩ কোটি ৪০ লাখ টাকা লুট করা হয়েছে।
পরের দিন সকালে শ্রমিক ও কর্মকর্তারা কারখানায় এসে দেখেন ওই চার নিরাপত্তাকর্মী অচেতন হয়ে পড়ে আছেন। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকে অপর দুই নিরাপত্তাকর্মী খালেক মিয়া ও আলম সিকদার পলাতক।
ওই পোশাক কারখানার নির্বাহী পরিচালক আজাদ আহমেদ পাটোয়ারী বলেন, এ ঘটনায় কারখানার হিসাবরক্ষক মারুফ আবু জামসেদ বাদী হয়ে গতকাল রোববার নিরাপত্তাকর্মী খালেক মিয়া, আলম সিকদারসহ অজ্ঞাত আট-নয়জনের নামে একটি মামলা করেছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া বলেন, কারখানা কর্তৃপক্ষের দেওয়া অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। তাঁরা বিষয়টির তদন্ত করছেন। সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে, টাকা লুট হয়েছে। পলাতক দুজনের ঠিকানা যাচাই করা হচ্ছে।