নারায়ণগঞ্জের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের পোশাক ও কোচিং বাধ্যতামূলক করার অভিযোগ করেছেন অভিভাবকেরা। নতুন ভর্তি ফির সঙ্গে পোশাক বাবদ দুই হাজার টাকা আদায় করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে অনেক অভিভাবক ক্ষুব্ধ।
নিতাইগঞ্জের এক শিক্ষার্থীর অভিভাবক সুনিতা সাহা বলেন, তাঁর মেয়েকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হয়েছে। ষষ্ঠ শ্রেণির ভর্তি ফি ১ হাজার ২৬১ টাকা হলেও পোশাকসহ তাঁর কাছ থেকে ৩ হাজার ২০০ টাকা নেওয়া হয়েছে।
পুলিশ লাইন টাগারপাড় এলাকার রূপালী রানী দাস অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বিদ্যালয় থেকেই পোশাক ক্রয় বাধ্যতামূলক করেছেন। একটি সরকারি বিদ্যালয়ে এ ধরনের সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। এ ছাড়া কোচিং বাধ্যতামূলক করা হয়েছে। প্রধান শিক্ষক স্বেচ্ছাচারিতা করছেন।
নবম শ্রেণির এক ছাত্রীর অভিভাবক অভিযোগ করে বলেন, নবম শ্রেণির শিক্ষার্থী হওয়ায় তাঁর মেয়েকে ৩ হাজার ৩২১ টাকা দিতে বলা হচ্ছে। অথচ অষ্টম শ্রেণিতে সেশন ফি ছিল ১ হাজার ২০০ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন অভিভাবক বলেন, প্রধান শিক্ষক তাঁর মনগড়া সিদ্ধান্তে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন। কেন বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের পোশাক কিনতে হবে? এ ছাড়া এমন অনেক দরিদ্র শিক্ষার্থী রয়েছে, যারা পোশাক বাবদ অতিরিক্ত টাকা দিতে পারছে না। গত বছর থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে কোচিং বাধ্যতামূলক করা হয়েছে। প্রধান শিক্ষকের চাপে শিক্ষার্থীরা বিদ্যালয়ের কোচিংয়ে আসতে বাধ্য হয়েছে। অথচ বিদ্যালয়ের কোচিং মোটেই মানসম্মত নয়। নিজস্ব পছন্দমাফিক কোচিং ও ব্যক্তিগত শিক্ষকের কাছে পড়েই ছাত্রীরা রেকর্ডসংখ্যক জিপিএ-৫ পেয়েছে। আর এর পুরো কৃতিত্ব নিতে চাইছেন প্রধান শিক্ষক।
এ ব্যাপারে প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, ‘বিদ্যালয়ের সমাবেশে কয়েক রঙের পোশাকে শিক্ষার্থীদের দেখতে খারাপ লাগে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, বিদ্যালয় থেকেই পোশাকের ব্যবস্থা করা হবে। কিন্তু যখন দেখলাম এটা নিয়ে সমালোচনা হচ্ছে, তখন বন্ধ করে দিয়েছি। এখন কারও কাছ থেকে পোশাকের টাকা নেওয়া হচ্ছে না। যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাঁদের ফেরত দেওয়া হবে।’
রেবেকা সুলতানা বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের কাছে কোচিং করলে সেটা মানসম্মত হয়। বিষয়ভিত্তিক আলোচনায় শিক্ষার্থীদের বোঝাতে সুবিধা হয়। এ ছাড়া ২০১১ সালে এই বিদ্যালয় থেকে চাকরি ছেড়ে দেওয়া শিক্ষক হান্নান ছাত্রীদের নানা প্রলোভন দিয়ে তাঁর নিজের কোচিং সেন্টারে নিয়ে যাচ্ছেন। বিদ্যালয় সম্পর্কে নানা অপপ্রচার চালাচ্ছেন।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ বলেন, ‘অভিযোগ পেয়ে আমি গত মঙ্গলবার ওই বিদ্যালয়ে গিয়েছিলাম। তথ্য নিয়ে এসেছি। এখন তদন্ত চলছে। এটা নিশ্চিত তদন্ত হবে, সম্পূর্ণ নিরপেক্ষ। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’