পোশাককর্মীর লাশ উদ্ধার
চট্টগ্রামে মো. মিজানুর রহমান (৪৫) নামের এক পোশাককর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদে একটি নালার পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মিজানুর নগরের মুরাদপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ায়।
নিহত ব্যক্তির স্ত্রী আমেনা বেগম জানান, তাঁরা টাইগারপাস রেলওয়ে কলোনিতে থাকেন। গত সোমবার রাত ১০টার দিকে মুঠোফোনে একটি কল আসার পর তাঁর স্বামী ঘর থেকে বেরিয়ে যান। রাত ১২টার দিকে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার সকালে মনসুরাবাদে একটি লাশ পড়ে আছে শুনে তিনি সেখানে গিয়ে স্বামীর লাশ শনাক্ত করেন। তাঁর স্বামীকে কারা কী কারণে খুন করেছে তিনি বুঝতে পারছেন না। কাউকে সন্দেহও করতে পারছেন না।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মিজানুরের লাশ উদ্ধার করা হয়। তাঁর মুঠোফোনটি পাওয়া যায়নি। মিজানুরের ডান বাহুতে আঘাতের চিহ্ন আছে। এ ছাড়া তাঁর পিঠের বাঁ পাশে ধারালো অস্ত্র দিয়ে দুটি আঘাত করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মিজানুরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় মিজানুরের স্ত্রী আমেনা বেগম থানায় হত্যা মামলা করেছেন।