পোশাকধারী ভুয়া পুলিশ গ্রেপ্তার
নেত্রকোনা শহরের কুড়পাড় এলাকা থেকে গত সোমবার রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পোশাকধারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে পুলিশের ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
ওই ব্যক্তির নাম মো. আলী হোসেন (২৫)। তিনি মদন উপজেলার দেওসহিলা গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানার পুলিশ সূত্র জানায়, আলী হোসেন প্রতারক চক্রের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন জেলায় আদালতে আসা সহজ-সরল মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার রাত পৌনে আটটার দিকে জেলা জজ আদালতের সামনের সড়ক থেকে তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে পুলিশের ভুয়া পরিচয়পত্র, একটি পুলিশি আইনের বই, একটি মুঠোফোন, দুটি সিমকার্ড ও বিভিন্ন মামলা-মোকদ্দমার কাগজপত্রের ফটোকপি জব্দ করা হয়।
নেত্রকোনা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ বলেন, এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বাদী হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা মামলা করেছেন।