তৈরি পোশাকশিল্পে ইউনিয়ন নিবন্ধনে আগের চেয়ে জটিলতা বেড়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিকনেতারা। তাঁরা বলেছেন, গত বছরের সেপ্টেম্বরে শ্রম আইনের বিধিমালা জারির পর থেকে এমনটি বেশি হচ্ছে।
গতকাল সোমবার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংগঠিত হওয়া ও যৌথ দর-কষাকষিসংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রতিনিধিত্বকারী দলের সদস্যদের সঙ্গে বৈঠকে এসব অভিযোগ করেন শ্রমিকনেতারা। রাজধানীর গুলশানে আইএলওর ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত একাধিক বৈঠকে শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে শ্রমিকনেতারা অভিযোগ করেন, ইউনিয়ন নিবন্ধনের আবেদনের
সঙ্গে বর্তমানে শ্রমিকদের কারখানার পরিচয়পত্র ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি দিতে হয়। এ জন্য অনেক শ্রমিকই ভয় পান, দিতে চান না। কারণ তাঁরা মনে করেন, এসবের সূত্র ধরে ভবিষ্যতে তাঁদের হয়রানি করা হবে। এ ছাড়া ইউনিয়ন গঠনের জন্য প্রথম বা দ্বিতীয় বৈঠক করার আগে স্থানীয় থানার অনুমতি নেওয়া হয়েছিল কি না, সেটি যাচাই-বাছাই করছেন যুগ্ম শ্রম পরিচালক। ইউনিয়ন নিবন্ধনে বাধা দিতেই এসব করা হচ্ছে।
বৈঠকে উপস্থিত সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান পরে প্রথম আলোকে বলেন, ‘ট্রেড ইউনিয়ন নিবন্ধনে বিভিন্ন জটিলতা এবং ইউনিয়ন করতে গিয়ে শ্রমিকেরা যে চাকরিচ্যুত, হয়রানি ও মামলার শিকার হচ্ছেন, সেসব তুলে ধরা হয়। এমনকি ইউনিয়ন নিবন্ধনের আগেই অনেক শ্রমিকের ওপর মালিকপক্ষের খড়্গ নেমে আসে, সে অভিযোগও করেন কয়েকজন শ্রমিকনেতা।’
বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও তা স্বাধীনভাবে চর্চায় যেসব প্রতিবন্ধকতা আছে, তা আইএলও প্রতিনিধিদের কাছে তুলে ধরেছি। প্রতিনিধিদলটি আমাদের কথা শুনেছে, কোনো মন্তব্য করেনি।’
বৈঠক সূত্র বলেছে, শ্রমিকনেতারা ট্রেড ইউনিয়ন নিবন্ধনের প্রক্রিয়াটির জটিলতা কমিয়ে তা সহজ করতে শ্রম আইন সংশোধনের দাবি জানান। বড় কারখানার ক্ষেত্রে ৩০ শতাংশ শ্রমিকের স্বাক্ষর নিয়ে ইউনিয়ন নিবন্ধনের আবেদন করার বাধ্যবাধকতা শিথিল করার কথাও বলেন।
শ্রমিকনেতা আমিরুল হক, বাবুল আখতার, রুহুল আমিন, তাহমিনা রহমান, সালাউদ্দিন স্বপন, স্মৃতি আক্তার প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। পরে পোশাক খাত নিয়ে কাজ করে—এমন কয়েকটি বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বসে আইএলওর প্রতিনিধিদল।
পরের বৈঠকে উপস্থিত বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার বলেন, ‘ট্রেড ইউনিয়ন নিবন্ধনে বাধা দিতে মালিকেরা প্রভাব খাটান। এটা বন্ধ করতে হলে মালিকদের মানসিকতার পরিবর্তনের পাশাপাশি আইন সংস্কারের প্রয়োজনীয়তার কথা আমরা আইএলওর ত্রিপক্ষীয় প্রতিনিধিদের কাছে তুলে ধরেছি।’
সংগঠিত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকেরা কী পরিস্থিতির মুখোমুখি হন, তা সরেজমিনে দেখতে গত শনিবার চার দিনের সফরে ঢাকায় এসেছে আইএলওর ত্রিপক্ষীয় প্রতিনিধিদল। এই দলে আছেন কেনিয়ার সাবেক উপ-শ্রম কমিশনার এলিজাবেথ ওনুকো, কানাডাভিত্তিক আইনি পরামর্শক সংস্থা মেথুজ, ডিনসডেল অ্যান্ড ক্লার্ক এলএলপির অংশীদার সোনিয়া রেগেনবোগেন এবং বেলজিয়ামের ট্রেড ইউনিয়ন এসিভির (ওয়ার্কার্স) চেয়ারম্যান মার্ক লিম্যান্স। এ ছাড়া সরকার, মালিক ও শ্রমিকদের নিয়ে গড়া ত্রিপক্ষীয় প্রতিনিধিদলের সহযোগী হিসেবে আছেন আইএলওর জেনেভা সদর দপ্তরের দুই কর্মকর্তা—কারেন কার্টিস ও ভেরোনিকা ভাদোভা।