পোশাকশ্রমিককে কুপিয়ে অ্যাসিড নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার বলিভদ্র এলাকায় রোমানা আক্তার নামের এক পোশাকশ্রমিককে কুপিয়ে আহত করার পর অ্যাসিডে ঝলসে দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন হানিফ শেখ নামের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে। রোমানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রোমানা সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঝাউল গ্রামের রোস্তম আলীর মেয়ে। তিনি আশুলিয়ার বলিভদ্র এলাকায় থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) একটি পোশাক কারখানায় চাকরি করেন।

আশুলিয়া থানার পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, এক যুগেরও বেশি সময় আগে প্রতিবেশী হানিফ শেখের সঙ্গে রোমানার বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর হানিফ বিদেশ চলে যান। এর কয়েক মাস পর থেকে হানিফ স্ত্রী-সন্তানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। নিরুপায় হয়ে রোমানা আট বছর আগে একমাত্র মেয়েকে নিয়ে আশুলিয়া এসে পোশাক কারখানায় চাকরি নেন। এর কয়েক মাস পরই তিনি হানিফকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন। বছর দু-এক আগে হানিফ দেশে ফিরে রোমানাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। রোমানাকে হত্যার উদ্দেশ্যে গত সোমবার রাতে তাঁর ওপর হামলা চালান হানিফ।

রোমানার ভাই শরীফুল ইসলাম বলেন, সোমবার রাত ১০টার দিকে হানিফ রোমানার বাসায় গিয়ে দরজার কড়া নাড়েন। রোমানা দরজা খোলার পরপরই হানিফ ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে রোমানা মেঝেতে লুটিয়ে পড়লে হানিফ তাঁর মুখ ও শরীরে অ্যাসিড ঢেলে দেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে হানিফকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

শরীফুল ইসলাম বলেন, ঘটনার পর রোমানাকে প্রথমে স্থানীয় নাগরিক ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে ওই রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় শরীফুল গতকাল আশুলিয়া থানায় মামলা করেছেন।

ক্লিনিকের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, অ্যাসিডে রোমানার মুখমণ্ডলসহ শরীরের আংশিক ঝলসে গেছে। এ ছাড়া তাঁর মাথা ও পিঠে কোপের জখম রয়েছে।

পুলিশ হেফাজতে থাকা হানিফ বলেন, বিদেশ থেকে তাঁর পাঠানো টাকা আত্মসাৎ করে রোমানা তাঁকে তালাক দিয়ে অন্যকে বিয়ে করেন। এ ক্ষোভেই তিনি গত সোমবার তাঁর ওপর হামলা চালান। 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী খান বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হয়েছে, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রোমানার ওপর হামলা চালিয়েছেন হানিফ।’