পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের বন্দরে স্বামী ও বেয়াইকে বেঁধে রেখে পোশাক কারখানার এক শ্রমিককে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে বন্দরের একরামপুর এলাকায় খালার বাড়ি থেকে ফেরার পথে স্বামী ও বেয়াইসহ ওই নারী শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করে সাত-আটজন দুর্বৃত্ত। পরে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে স্বামী ও বেয়াইকে বেঁধে রেখে তাঁদের সামনেই ধর্ষণ করা হয়।
ওই শ্রমিকের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাঁদের উদ্ধার করে। রাতেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ধর্ষণের শিকার ওই নারীর খালাতো বোন রাতেই বন্দর থানায় এ বিষয়ে মামলা করেছেন।
বন্দর থানার ওসি নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার সরদারবাড়ি থেকে স্বামী ও বেয়াইকে নিয়ে ওই শ্রমিক তাঁর খালার বন্দরের বাড়িতে বেড়াতে আসেন। রাত নয়টায় তাঁরা খালার বাড়ি থেকে নারায়ণগঞ্জে নিজেদের বাসায় ফিরে যাওয়ার জন্য বন্দরের একরামপুর খেয়াঘাটে এলে বন্দর রূপালী আবাসিক এলাকার জুয়েল, রমজানসহ সাত-আটজন ধারালো অস্ত্রের মুখে অপহরণ করে রূপালী এলাকার বাদশা মিয়ার নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে স্বামী ও বেয়াইকে বেঁধে রেখে ওই নারী শ্রমিককে ধর্ষণ করা হয়।
একপর্যায়ে ওই নারী শ্রমিকের চিৎকারে এলাকাবাসী এসে তাঁকে, তাঁর স্বামী ও বিয়াইকে উদ্ধার করেন। রাতেই ওই নারী শ্রমিকের খালাতো বোন বন্দর থানায় মামলা করলে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় কুয়েত (২২) ও রমজানকে (২৩) গ্রেপ্তার করে। বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।