পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে দুটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে সাত শ্রমিক গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহত লোকজনকে নগরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে সদর উপজেলার ফতুল্লার ইসদাইরে জব্বার ফ্যাশন ও কাঠেরপুল এলাকার ক্যাডটেক্স কারখানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এসবি গার্মেন্টস তাদের শাখাপ্রতিষ্ঠান জব্বার ফ্যাশনসের কারখানা ১৬ এপ্রিল বন্ধ ঘোষণা করে কারখানাটি দুই কিলোমিটার দূরে স্থানান্তর করার ঘোষণা দেয়। গতকাল সকালে শ্রমিকেরা কারখানা খোলার দাবি জানান ও তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে তাঁদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে শটগানের ফাঁকা গুলি ছোড়ে। এতে সাত শ্রমিক গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন। পরে অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান। গুলিবিদ্ধ শ্রমিকেরা হলেন মরিয়ম (২০), রুজিনা (২২), রেহানা (২৫), পারভিন (২০), শিউলী (২৪), রেখা (২০) ও মুন্নি (২২)।
শ্রমিক অসন্তোষের কারণে গত শনিবার ফতুল্লার কাঠেরপুল এলাকার ক্যাডটেক্স পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকেরা গতকাল সকালে কারখানা খোলার দাবিতে সেখানে জড়ো হন। একপর্যায়ে আশপাশের কারখানার শ্রমিকদের বের আনার চেষ্টা করেন। এ সময় তাঁরা কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ শটগানের গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে ওই কারখানার ১০ শ্রমিক আহত হন।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা শাখার সভাপতি এম এ শাহীন জানান, পুলিশ বিনা উসকানিতে শ্রমিকদের ওপর গুলি করেছে।